আই লিগ ২০১৮-১৯ মরসুমের দ্বিতীয় কলকাতা ডার্বি (২৭ জানুয়ারি)-র পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু, সময়টা এখনও দুর্দান্ত যাচ্ছে সেই ম্যাচের নায়ক ইস্টবেঙ্গলের কেরলের স্ট্রাইকার জবি জাস্টিনের। পর পর দুদিনে জোড়া উপহার পেলেন তিনি।
ডার্বির আগে তার সাইকেল চুরি গিয়েছিল। শুক্রবার (১ফেব্রুয়ারি) অনুশীলনের শেষে ক্লাব ও স্পন্সসর কোয়েসের পক্ষ থেকে তাঁর হাতে একটি নতুন সাইকেল তুলে দেওয়া হয়। আর তার পরদিনই আই লিগে এই সপ্তাহের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।
ডার্বিতে তিনি নিজে গোল করার পাশাপাশি একটি গোল করিয়েছিলেন হাইমেকে দিয়ে। ম্য়াচের সেরাও হয়েছিলেন তিনিই। কিন্তু তারপর জানা দিয়েছিল বড় ম্যাচের আগেই জাস্টিনের সাইকেল চুরি গিয়েছিল। ওই সাইকেলটি চালিয়েই প্রতিদিন অনুশীলনে আসতেন ডার্বির নায়ক।
ক্লাব তাঁকে কথা দিয়েছিল হয় চুরি যাওয়া সাইকেল খুঁজে দেবে নাহলে নতুন সাইকেল কিনে দেবে। শুক্রবার ক্লাবের অনুশীলনের পর জবির হাতে নতুন সাইকেলের চাবি তুলে দেন কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সঞ্জিত সেন ও ক্লাব কর্তা দেবব্রত (নিতু) সরকার। খুশিতে ডগমগ জাস্টিন ক্লাবের মাঠেই নতুন সাইকেলটি চালিয়ে দেখেন।
আবার, শনিবার (২ ফেব্রুয়ারি)-ও অনুশীলন শেষ হওয়ার পরই আরও এক সুখবর পেলেন কেরলের ফুটবলারটি। আইলিগের এই সপ্তাহের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।
Congratulations, Jobby 🎉👏👍🏻#HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/SdqIhNPQ91
— Hero I-League (@ILeagueOfficial) February 2, 2019
এই জোড়া সুখবরের পর তিনি উচ্ছ্বাসে ভেসেছন। তিনি জানিয়েছেন, কেরল থেকে এসে লাল-হলুদ জনতার এত ভালবাসা পাবেন তিনি কখনও কল্পনা করেননি। ক্লাব কর্তারা ও কোচ তাঁকে নিজের মতো খেলার স্বাধীনতা দিয়েছেন। এই ভালবাসা পাওয়ার পর তিনি কথা দিয়েছেন আগামী দিনে আরও ভাল খেলা আসবে তাঁর পা থেকে।