নয়াদিল্লি, ১৬ এপ্রিল : কে শ্রীকান্তকে হারিয়ে পুরুষদের ব্যাডমিন্টনে সিঙ্গাপুর ওপেন খেতাব জিতলেন বি সাই প্রণীত। এই প্রথম তিনি এই খেতাব পেলেন। শ্রীকান্তকে ১৭-২১, ২১-১৭, ২১-১২ ব্যবধানে হারিয়ে মাত্র ৫৪ মিনিটের মধ্যেই খেতাব জেতেন প্রণীত।
ভারতের এই দুই খেলোয়াড়ই একে অপরকে জোর লড়াই দেন। প্রণীতকে হারিয়ে প্রথম গেম জিতে নেন শ্রীকান্ত। তবে পরের গেমে লড়াইয়ে ফেরত আসেন প্রণীত। তিনি শ্রীকান্তকে ২১-১৭ ব্যবধানে দ্বিতীয় গেমে হারান। এরপর তৃতীয় গেমে আর বেশি সুযোগ দেননি প্রণীত। একা কর্তৃত্ব দেখিয়ে ২১-১২ ব্যবধানে গেম জিতে ম্যাচ দখলে নেন তিনি।
এই ম্যাচের আগে চিন, ইন্দোনেশিয়া ও ডেনমার্কের দুই খেলোয়াড় সুপার সিরিজের ফাইনালে একে অপরের বিপক্ষে খেলেছেন। এবার সেই তালিকাতে যোগ হল ভারতের নামও।