মিয়ামি, ৬ এপ্রিল : মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে মিয়ামি ওপেন জিতে আর একটা কেরিয়ার মাইলস্টোন স্পর্শ করলেন ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা।
মার্টিনা হিঙ্গিসের সঙ্গে মাসখানেক আগেই জুটি বেঁধেছিলেন সানিয়া। তাঁদের প্রথম সাফল্য আসে ইন্ডিয়ান ওয়েলস ডাবলস খেতাব জিতে। এরপরই মায়ামি ওপেন জিতে আর একটা সাফল্য পেল এই জুটি।
গতকাল রাশিয়ার তারকা জুটি একাতেরিনা মারকোভা-এলেনা ভেসনিনাকে স্ট্রেট সেটে হারিয়ে দেন তাঁরা। ম্যাচের ফলাফল ৭-৫, ৬-১। পুরো ম্যাচটি শেষ হতে সময় নেয় মাত্র ৬৬ মিনিট।
গত মার্চেই সানিয়া মির্জার সঙ্গে জুটি বাঁধেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মার্টিনা। এরপর দু'সপ্তাহ আগে ইন্ডিয়ান ওয়েলস-এর ফাইনালে এই জুটিকে হারিয়েই জিতেছিল সানিয়া ও মার্টিনা জুটি।
এই সপ্তাহেই আর একটি টেনিস টুর্নামেন্ট খেলতে যাবেন সানিয়া ও হিঙ্গিজ। সেখানে ফের আর একটা সাফল্য আসে কি না এখন সেদিকেই তাঁকিয়ে রয়েছেন সানিয়াপ্রেমীরা।