আসন্ন বিশ্বকাপ অনেক দিক দিয়েই স্মরণীয় হতে চলেছে, জানিয়ে দিলেন অর্ণব

বর্তমানে ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে অন্যতম তিনি। অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করেন তিনি ভারতীয় ফুটবলে এই সমযের এক নম্বর ডিফেন্ডার। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অর্ণব মণ্ডলকে নিয়ে। ইস্টবেঙ্গল ছেড়ে এই মরসুমে এটিকে-র হয়ে সই করেছেন তিনি। তবে, ক্লাব ফুটবল থেকে অনেক দূরে অর্ণবের মন-প্রাণ জুড়ে এখন শুধুই বিশ্বকাপ। মেসি-রোনাল্ডোরা মাঠে নামার আগে মাইখেল বাংলার সঙ্গে বিশ্বকাপের জমাটি আড্ডায় অর্ণব মণ্ডল।

প্রশ্ন: আরও একটা বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। এই বারের বিশ্বকাপে কেমন খেলা আশা করছেন?

উত্তর: একজন সাপোর্টার হিসেবে চাইবো আমার প্রিয় দল ভাল খেলুক। কিন্তু এক জন ফুটবলার হিসেবে চাই ভাল ফুটবল হোক। দেখতে চাই কোন দল এই বিশ্বকাপে কী নতুনত্ব দেখায়। বিশেষ করে সেটপিসের দিকে নজর থাকবে। আমি বিশ্বাস করি অন্যতম সেরা বিশ্বকাপ হতে চলেছে ২০১৮ ফুটবল বিশ্বকাপ। অনেক সারপ্রাইজ প্যাকেজ অপেক্ষা করছে।

প্রশ্ন: দেখা গিয়েছে বিশ্বকাপে নতুন কোনও মুভের প্রচলন হলে সেটা আমাদের দেশের ফুটবলাররাও কাজে লাগানোর চেষ্টা করে। এই বারের বিশ্বকাপে কোন মুভগুলোর উপর বিশেষ নজর থাকবে?

উত্তর: বিশেষ করে আমার সেটপিস মুভমেন্টের উপর বেশি নজর থাকবে। কারণ প্রতি বিশ্বকাপেই সেটপিসে নতুনত্ব দেখা যায়। দেখতে হবে এই বিশ্বকাপে কী ধরনের সেটপিসের আমদানি করে দলগুলো। কারণ এগুলো আগে থেকে দেখা বা বোঝার কোনও উপায় নেই। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এই মুভগুলো প্র্যাক্টিস করে প্রতিটা দল।

[আরও পড়ুন:২০১৮ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলা স্টেডিয়ামগুলিকে চিনে নিন]

প্রশ্ন: এই বিশ্বকাপে কাদের সব থেকে শক্তিশালী মনে হচ্ছে?

উত্তর: আমার ব্রাজিলকেই বেশ ভাল দল মনে হচ্ছে। কারণ বিশ্বের প্রায় প্রতিটা লিগেই খেলে ওদের প্লেয়ারেরা। ফলে দলটা অভিজ্ঞতার দিক দিয়ে বেশ পুষ্ট। সেই সঙ্গে প্রতিভাও রয়েছে। আমার মনে হয় এই বিশ্বকাপে ব্রাজিল কিছু করে দেখাতে পারে।

প্রশ্ন: নতুন দলগুলোর থেকে কী রকম ফুটবল আশা করছেন?

উত্তর: পানামার মতো নতুন যে দেশগুলো খেলছে, সেগুলো খুব জোর শেষ ষোলোয় ঢুকতে পারে। কিন্তু তার পর বিশেষ কিছু করে উঠতে পারবে বলে মনে হয় না আমার। লাতিন আমেরিকার দলগুলোর কাছে টেকনিক্যালি অনেক পিছিয়ে এই দেশগুলো। স্পেন, ব্রাজিল ,জার্মানি-র সঙ্গে এদের কোনও তুলনাই চলে না। কারণ ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি ছোট টিমগুলো অনেকটাই পিছিয়ে। তবে হ্যাঁ, এই দেশের প্লেয়াররা চাইবে নিজেদের উজার করে দিতে। কারণ ওরাও জানে বিশ্বকাপের মঞ্চে ভাল খেললে বড় ক্লাব থেকে সুযোগ আসতে পারে।

প্রশ্ন: মেসি-রোনাল্ডো-নেইমারদের নিয়ে বুঁদ ফুটবলপ্রেমীরা। এই বারের বিশ্বকাপ নতুন কোনও নক্ষত্রের কী জন্ম দেবে?

উত্তর: জানি না সালাহ খেলতে পারবে কি না। কিন্তু যদি খেলে তা হলে, এই বিশ্বকাপে আমার নজর থাকবে সালাহ-এর উপরই। ওই আমার ডার্ক-হর্স এই বিশ্বকাপে। আরব দুনিযা ওঁর ফুটবলের ভক্ত। মেসি-রোনাল্ডোর দাপাদাপির মধ্যেও নিজের জন্য বিশ্ব ফুটবলে অন্যতম স্থান করে নিয়েছে ওঁ। সালাহ যদি একান্তই না খেলতে পারে তাহলে এক জন ফুটবলার হিসেবে খুব খারাপ লাগবে।

[আরও পড়ুন:দেখে নিন কারা সুযোগ পেলেন ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ের দলে]

প্রশ্ন: যদি সালাহ বিশ্বকাপে খেলে এবং সেরা ছন্দে খেলতে পারে তাহলে মিশরের সম্ভবনা কতটা আছে বলে মনে হয়?

উত্তর: দীর্ঘদিন পর বিশ্বকাপের মূল পর্বে খেলবে মিশর। আর এখন মিশরের ফুটবল মানেই সালাহ। ও যদি ক্লিক করে যায়, তাহলে বিশ্বকাপে অবাক করার মতো পারফরম্যান্স দেখা যেতেই পারে মিশরের কাছ থেকে।

প্রশ্ন: গতবার ফাইনালে পৌছেও ট্রফি জিততে পারেনি আর্জেন্টিনা। এই বিশ্বকাপে কি দীর্ঘদিনের ক্ষরা কাটিয়ে খেতাব জিততে পারবে মেসির দল?

উত্তর: নিঃসন্দেহে মেসি একজন ম্যাচ উইনার। কিন্তু ওঁ ভাল মতোই জানে ওর দলের কী ক্ষমতা। এটা গোটা দলের খেলা, ব্যক্তিগত খেলা নয়। ওঁ আর্জেন্টিনার ক্যাপ্টেন। স্বভাবতই চাইবে নিজেকে উজার করে দিতে। কিন্তু মনে রাখতে হবে, একার কাঁধে দায়িত্ব নিয়ে বেশ কিছু ম্যাচ মেসি জিতিয়ে দিলেও, সব ম্যাচ মেসি বার করতে পারবে না। ফলে গোটা দল যদি চূড়ান্ত ছন্দে না থাকে, তাহলে আর্জেন্টিনার সম্ভবনা বিশেষ দেখছি না।

প্রশ্ন: ২০১৮ বিশ্বকাপ ঘরে তোলার জন্য কোন দলকে ফেভারিট মনে করেন আপনি?

উত্তর: জার্মানির অন্ধভক্ত আমি। জার্মানি ছিটকে গেলে অন্য কোনও দলের খেলা দেখতে ভাল লাগত না কখনও। ২০১৪ বিশ্বকাপেও একই ছিল। ফলে চাইব আমার প্রিয় দল ভাল খেলুক। এছাড়া ফ্রান্সের উপর নজরে রাখতে হবে। এই দলটা অনেকটা গেলেও যেতে পারে। সম্পূর্ণ আনপ্রেডিক্টেবেল টিম।

প্রশ্ন: পানামা-আইসল্যান্ডের মতো দেশগুলো পিছন থেকে উঠে এলেও, ভারতীয় ফুটবল কেন এগোতে পারছে না প্রত্যাশা মতো?

উত্তর: আইএসএল আসার পর অনেকটাই এগিয়েছে ভারতীয় ফুটবল। অনেক কিছু শেখার সুযোগ মিলেছে। তবে, সমগ্রিকভাবে টিম ইন্ডিয়ার উন্নতি এক দিনে হবে না। যারা এই বিশ্বকাপে অংশ নিচ্ছে সেই দেশের অধিকাংশ প্লেয়ারই বিশ্বের বিভিন্ন লিগে খেলে। এটা ওদের কাছে সুবিধা। কিন্তু ভারতীয় খেলোয়াড়রা জাতীয় লিগ ছাড়া আর কোথাও খেলে না। এখনও পর্যন্ত ভারতীয় দলে ৬০ শতাংশ উন্নতি করেছে। আমাদের দেশে উন্নত-মানের প্রযুক্তির আমদানি করতে হবে। ফুটবলার তুলে আনার সাপ্লাই লাইন আরও ভাল করতে হবে। গড়ে তুলতে হবে উন্নত-মানের অ্যাকাডেমিও। বিশ্ব ফুটবল খুব শক্ত। ওই পর্যায়ে পৌছতে হলে, পরিকল্পনা-মাফিক এগোতে হবে।

প্রশ্ন: নতুন মরসুমের জন্য প্রস্তুতি কেমন চলছে আপনার?

উত্তর: নিজের মতো করেই করছি। সেই ভাবে এখনও শুরু করিনি। প্রতি বছরের মতোই একই ফোকাস নিয়ে মাঠে নামব। টিমের হয়ে একশো শতাংশ দেওয়াই লক্ষ্য থাকে এবং সেটাই চেষ্টা করবো। ম্যাচে কী হবে জানি না, তবে প্র্যাক্টিস আমার হাতে। নিজের কাজটা ভাল করে করতে চাই।

প্রশ্ন: ইস্টবেঙ্গলকে বিদায় জানানোটা কতটা কষ্টের ছিল?

উত্তর: ইস্টবেঙ্গলকে বিদায় জানানোটা সহজ ছিল না। বেশ খারাপ লেগেছিল। মানষিকভাবে ক্লাবের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। ইস্টবেঙ্গলই তো আমায় প্রতিষ্ঠা দিয়েছে ভারতীয় ফুটবলে। তবে, এগিয়ে যেতেই হবে। এটিকেতে আগেও খেলেছি ইস্টবেঙ্গল থেকে লোনে গিয়ে।

প্রশ্ন: ভাল খেলেও দীর্ঘদিন জাতীয় দলের দরজা খোলেনি আপনার জন্য। কোনও আক্ষেপ রয়েছে?

উত্তর: আক্ষেপ কিছু নেই। নিজের সেরাটা দিতে চাই। কোচ যা ভাল মনে করেছেন করেছেন। আমার হাতে তো কিছু নেই। তবে, পারফর্ম করে যেতে চাই। জাতীয় দলের জার্সি পরে মাঠে নামা আমার কাছে গর্বের। টিম ইন্ডিয়ার যদি আমায় প্রয়োজন পরে, তাহলে নিশ্চয়ই আবার ফিরব জাতীয় দলে।

[আরও পড়ুন:আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভবনা খুব ক্ষীণ মনে করছেন মারাদোনা]

প্রশ্ন: দীর্ঘ আট বছর পর লাল-হলুদের জার্সিতে ডার্বিতে থাকবেন না। কতটা মিস করবেন ডার্বি?

উত্তর: বিশাল মিস করবো ডার্বি। এর সঙ্গে কোনও ম্যাচের মিল হয় না। ডার্বির অনুভূতি কোনও দিন ভুলবো না। প্রথমবার যখন ডার্বিতে নেমেছিলাম, আমার গায়ে কাঁটা দিয়েছিল, সারা শরীরে শিহরণ জেগে উঠেছিল। প্রতিটি ডার্বিই স্পেশ্যাল। এর কোনও বিকল্প হয় না। এই একটা ম্যাচই অনেক প্লেয়ারকে জীবনে প্রতিষ্ঠা এনে দেয়। সমর্থকদের কাছে অনুরোধ করবো, মাঠে অশান্তি করবেন না। মাঠের লড়াই শুধু মাঠের মধ্যেই রাখুন।

প্রশ্ন: ভবিষ্যতে কী ফের দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে?

উত্তর: অবশ্যই! লাল-হলুদে ফিরতেও পারি ভবিষ্যতে। সমর্থকদের আমি ভালোবাসি। তাঁরা যে ভালোবাসা দিয়েছেন তা ভোলার নয়। ক্লাব যদি সুযোগ দেয় এবং সুযোগ সুবিধাও ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই যাব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 29, 2018, 13:22 [IST]
Other articles published on May 29, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+