
রেকর্ড ভাঙলেন আলি
কাতারের প্রথম এশিয়ান কাপ জয়ে মুখ্য ভূমিকা নিয়েছেন আলমোয়েজ আলি। ২২ বছরের এই তারকা স্ট্রাইকার ফাইনালের আগেই ৮ গোল করেছিলেন। ফাইনালে আরও একটি গোল করে মোচট ৯ গোল নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাই শুধু হলেন না ভাঙলেন ২৩ বছর আগের রেকর্ডও। এতদিন ১৯৯৬ সালের এশিয়ান কাপে ৮ গোল করে, একবারের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছিল ইরানি স্ট্রাইকার আলি দায়েই-এর হাতে।

অলরাউন্ড পারফরম্যান্স
শুধু আলি একাই নন, কাতারের এই জয় এসেছে সম্পূর্ণ দলের অলরাউন্ড পারফরম্যান্সে। একি দুটি ম্যাচ নয়, গোটা টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে রক্ষণ থেকে আক্রমণ - তাদের প্রতিটি বিভাগ। আলির ৯ গোল সহ এশিয়ান কাপের ৭টি ম্যাচে তারা মোট ১৮ টি গোল করেছে। এছাড়া, ৬৩০ মিনিটে গোল হজম করেছে মাত্র ১টি।

উচ্চ শিরে বিশ্বকাপে
কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজনের অযোগ্য বলে দাবি উঠেছে বারেবারে। এর সপক্ষে অন্যতম জোরালো যুক্তি ছিল, মধ্য়প্রাচ্যের এই দেশটির কোনও ফুটবল ইতিহাস বা ঐতিহ্য নেই। জবাবে কাতার দোহায় 'লেগাসি প্যাভিলিয়ন' গড়ে তাদের ফুটবল ইতিহাস তুলে ধরেছে। তবে শুক্রবারের পর আর তাদের পিছনে ফিরে তাকাতে হবে না। এশিয় তচ্যাম্পিয়ন হিসেবে মাথা উঁচু করেই বিশ্বকাপে নামতে পারবেন আলি-রা।

লাকি চার্ম জাভি
বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি এখন খেলেন কাতারের আল সাদ ক্লাবে। সবাই যখন ফাইনালের আগে জাপানের পক্ষে বাজি ধরেছিলেন, তখন তাঁর পূর্বাভাস ছিল কাতারই চ্যাম্পিয়ন হবে। কাতারের প্রধান কোচ স্যাঞ্চেজ এই দুর্দান্ত জয়ের পর তাঁর দেশোয়ালি জাভিকেই দলের 'লাকি চার্ম' আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন এবার থেকে সব ম্যাচের আগেই তিনি জাভিকে ফোন করে ম্যাচের পূর্বাভাস নেবেন।


Click it and Unblock the Notifications




















