ভালো খেলেও সেভিয়ার বিরুদ্ধে ইউরোপা লিগের ফাইনাল হারতে হল ইন্টার মিলানকে। কার্যত শেষ মুহূর্তে বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুর আত্মঘাতী গোলে সব হিসেব গড়বড় হয়ে যায় আন্টোনিও কোন্তের দলের। অন্যদিকে সর্বাধিকবার ইউরোপা লিগ জয়ের রেকর্ড গড়া স্পেনের সেভিয়া, করোনা ভাইরাসের আবহে এবারের খেতাবকে বিশেষ মর্যাদা দিচ্ছে।
ইউরোপা লিগের ফাইনাল শুরুর মুহূর্ত থেকেই স্পেন ও ইতালির ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ইন্টার মিলানকে এগিয়ে দেন রোমেলু লুকাকু। ১২ মিনিটে সেই গোল শোধ দেন সেভিয়ার লুক ডে জং। তাঁর বুট থেকেই ৩৩ মিনিটে ইন্টারের বিরুদ্ধে গোলের ব্যবধান বাড়ায় স্পেনের ক্লাব। ৩৫ মিনিটে ইন্টারের হয়ে ম্যাচে সমতা ফেরান দিয়েগো গডিন।
⚪️🔴 Who's your Sevilla hero? #UELfinal pic.twitter.com/Eil4dVvu9r
— UEFA Europa League (@EuropaLeague) August 21, 2020
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় দুই দলই। তবে কখনও কখনও ইন্টারকে ছাপিয়ে যায় সেভিয়ার সুপরিকল্পিত ও সংগঠিত আক্রমণ। সেই সময় রক্ষণ সামাল দিতে হিমশিম খেতে হয় মিলানের ফুটবলদের। চাপ এত বেড়ে যায় যে শক্তি বাড়াতে রক্ষণে ঝাঁপাতে হয় স্ট্রাইকার রোমেলু লুকাকুকেও। আর সেখানেই ভুল করে ফেলে ইন্টার। ৭৪ মিনিটে বেলজিয়াম স্ট্রাইকারের আত্মঘাতী গোলেই সেভিয়ার হাতে ইউরোপা লিগ তুলে দেয় ইতালির ক্লাব।
😍 This means everything!#UELfinal pic.twitter.com/JLX1V51qsD
— UEFA Europa League (@EuropaLeague) August 21, 2020
বল পজেশন এবং পাসিংয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ভরাডুবি মেনে নিতে পারছেন না ইন্টার মিলানের কোচ আন্তোনিও কোন্তে। অন্যদিকে রেকর্ড ছয় বারের জন্য ইউরোপা লিগ জিতে অনন্য নজির স্থাপন করেছে জুলেন লোপেতেগির সেভিয়া। ইন্টারকে হারিয়ে ইউরোপা লিগ জয়ের পর আবেগে কেঁদে ফেলেন স্প্যানিশ ক্লাবের কোচ। সেই ছবিতে আবেগতাড়িত হয়েছেন সেভিয়া ফ্যানরাও।