প্রথমবার ভারতে এসেছেন বক্সিং লেজেন্ড মাইক টাইসন। আর তাঁর নিরাপত্তার দেখভালের জন্য শেরা-কে ধার দিলেন বলিউড অভিনেতা সলমন খান। শেরা সলমানের ব্যক্তিগত দেহরক্ষী। মুম্বই বিমানবন্দরে টাইসন নামার পর থেকে তাঁর নিরাপত্তার খুঁটিনাটি সব দেখছেন শেরাই। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কে।
সেই ভিডিওতে দেখা গিয়েছে টাইসনের আগে আগে চলেছেন শেরা। ভিড় নিয়ন্ত্রণ করছেন। মুম্বই বিমান বন্দরের টার্মিনাল থেকে বেরোতেই বহু মানুষ ঘিরে ধরেন টাইসনকে। তাঁর কাছাকাছি আসতে চান। কিন্তু শেরা তাঁদের ঠেকিয়ে রেখেছিলেন। বিমান বন্দরের বাইরেই তাঁদের গাড়ি অপেক্ষা করছিল। এরপর দুজনে সেই গাড়িতে বিমানবন্দর ছাড়েন।
View this post on Instagram#miketyson for u @viralbhayani
A post shared by Viral Bhayani (@viralbhayani) on
শনিবার থেকে ওরলির ন্যাশনাল স্পোর্টস ক্লাব অব ইন্ডিয়া-তে কুমিতি ১ লিগ নামে একটি মিক্সড মার্শাল আর্ট প্রমোশন চালু হচ্ছে। তার উদ্বোধন করতেই মুম্বই এসেছেন মাইক টাইসন।
শেরা জানিয়েছেন মাইক টাইসনের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আগে তিনি সলমনের অনুমতি নিয়েছেন। কারণ তিনি জানিয়েছেন, 'ভাই-ই আমার প্রথম প্রায়োরিটি'। সলমানের এখন কোনও ছবির শুটিং নেই। তিনি আপাতত শুধু বিগ বসের শুটিং-এ ব্যস্ত। তাই শেরাকে ছাড়া সলমন চালিয়ে নিতে পারবেন। সেই কারণেই শেরা টাইসনের নিরাপত্তার দায়িত্ব নিতে পেরেছেন।
শেরা আরও জানিয়েছেন প্রথম ভারত সফরে যাতে টাইসনকে কোনওরকম অপ্রীতিকর অবস্থার সামনে পড়তে না হয়, সেই দিকটা নিশ্চিত করাই তাঁর কাজ। মুম্বইয়ের শহরতলীর এক হোটেলে উঠেছেন বক্সিং লেজেন্ট। হোটেলেও সারাক্ষণ তাঁর সঙ্গে সেঁটে থাকছেন শেরা। এছাড়া মুম্বইতে টাইসন আর যেখানে যেখানে যাবেন আগে থেকেই সেই জায়গাগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে নিয়েছেন তিনি।
শনিবার কুমিতি ১ লিগ উদ্বোধন করা ছাড়াও রাতে বিশেষ কয়েকজন ব্যক্তির সঙ্গে মুম্বইের এক মলের রেস্তোরাঁয় নৈশভোজও করবেন টাইসন। সেই সময় ওই মলের নিরাপত্তারও দখল নেবেন শেরা। তবে টাইসনই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকজন আন্তর্জাতিক সেলিব্রিটিকে মুম্বই সফরে নিরাপত্তা দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। সেই তালিকায় আছেন উইল স্মিথ, মাইকেল জ্যাকসন অতি সম্প্রতি মুম্বইতে শো করে যাওয়া জাস্টিন বিবারও।