
সবুজ-মেরুণ দলের খবর
মরসুমের শুরুতে সবুজ মেরুন দল ভাল খেললেও তাদের খেলা ঠিক জমাট বাধছিল না। কিন্তু পরপর দুটি ম্যাচ জিতে তারা এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে। ভূস্বর্গে রিয়াল কাশ্মীর এফসির বিরুদ্ধে ম্যাচে রক্ষণ একেবারে জমাট ছিল মোহনবাগানের। ক্রিজো-রবার্টসনরা লাগাতার আক্রমণ করলেও বাগান রক্ষণকে ভেদ করতে পারেনি। আর আক্রমণভাগেও মোহনবাগান ছিল একেবারে 'ক্লিনিকাল'। খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও, সেই সুযোগগুলিকে কাজে লাগাতে সমর্থ হয়েছে সবুজ মেরুণের আক্রমণ বিভাগ।
নেনাদ নোভাকোভিচ-এর নেতৃত্বাধীন চার্টিল রক্ষণকে ভাঙতে রবিবারও শঙ্করলাল ভরসা করবেন ডিকা-কিসেকা জুটির উপরই। সেট দল তিনি বদলাতে চাইবেন বলে মনে হয় না। তবে গোল না পেলে শেষ দিকে মাঠে আসতে পারেন সনি নর্ডে।
মাঝমাঠেও ফুল ফোটাচ্ছেন ইউতা কিনোয়াকি-সৌরভ দাস জুটি। তে চার্চিলের মাঝমাঠেও আছেন রিচার্ড কোস্তা, দাওয়াদা সিসে-র মতো ফুটবলার। তাঁদের বিরুদ্ধে বাগানের ইউতা-সৌরভ কতটা কার্যকরী হন, সেই দিকে নজর থাকবে।

চার্চিল ব্রাদার্স দলের খবর
ইস্টবেঙ্গলে খেলে যাওয়া উইলিস প্লাজা রয়েছেন এবার চার্চিলের আক্রমণভাগের দায়িত্বে। মোহনবাগানের বিরুদ্ধে তাঁর রেকর্ড কিন্তু মোটেও ভাল না। তবে লাজং ম্যাচে দু্দান্ত হ্যাটট্রিকের পর আত্মবিশষ্বাসী প্লাজা কিন্তু সেই রেকর্ড উন্নত করতে মরিয়া থাকবেন। তবে লাজং ম্যাচে সব কটি শট তিন কাঠির ভিতরে রাখতে পারলে গোলসংখ্যা আরও বাড়াতে পারতেন প্লাজা।
দলরাজ-কিংসলে জুটি কাশ্মীর ম্যাচে যেমন খেলেছেন, তার যদি পুনরাবৃত্তি করতে পারেন, তাহলে কিন্তু প্লাজার সামনে গোলে শট নেওয়ার সুযোগ অল্পই আসবে। মোহনবাগানের মতো চার্চিলও কিন্তু উইং ব্যবহার করে খেলতে পছন্দ করে। কাজেই চার্চিল উইঙ্গাররা যাতে সবুজ-মেরুন বক্সে ক্রস না তুলতে পারেন সেদিকে নজর রাখতে হবে বাগানকে।

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম
গত আই লিগে দুই দলের প্রথম সাক্ষাতে কলকাতার মাঠে মোহনবাগান চার্চিলকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করেছিল। পরের লেগেও গোয়ার তিলক ময়দানে ২-১ গোলে জয়ী হয়েছিল সবুজ মেরুনই।
১০/১২/২০১৭: মোহনবাগান ৫-০ চার্চিল ব্রাদার্স
০৩/০৩/২০১৮: চার্চিল ব্রাদার্স ১-২ মোহনবাগান
মোহনবাগান - জয়, জয়, ড্র, ড্র, জয়
চার্চিল ব্রাদার্স - জয়, ড্র, ড্র, ড্র, হার

সম্ভাব্য প্রথম একাদশ
মোহনবাগান (৪-৪-২): শিল্টন পাল, অরিজিত বাগুই, দলরাজ, কিংসলে, আম্বেদকর, পিন্টু, ইউতা কিনোয়াকি, সৌরভ দাস, ওমর, দিপান্ডা ডিকা, কিসেকা
চার্চিল ব্রাদার্স (৪-৪-২): জেমস কিথান, ওয়েন ভাজ, হুসেন এলদোর, নেনাদ নোভাকোভিচ, জোভেল মার্টিন্স, রিচার্ড কোস্তা, লামগউলেন হ্যাংসিং, ইজরায়েল গুরুং, অ্যানিস্টন ফার্নান্ডেজ, দাওয়াদা সিসে, উইলিস প্লাজা

কখন কোথায় দেখবেন খেলা?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক আই-লিগ সম্প্রচারের দায়িত্বে রয়েছে।
তারিখ - রবিবার, ২৫ নভেম্বর
সময় - বিকাল ৫টায়
টিভি - স্টার স্পোর্টস ৩
অনলাইন স্ট্রিমিং - হটস্টার ও জিওটিভি


Click it and Unblock the Notifications




















