
আই লিগ জয়
আগামী মরশুমে এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল খেলবে মোহনবাগান। তার আগের শেষ আই লিগ সবুজ-মেরুণ শিবিরে তুলে দিতে সক্ষম হয়েছেন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। করোনা ভাইরাসের জেরে আই লিগের ২৮ ম্যাচ বাতিল হলেও মোহনবাগানকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেছে এআইএফএফ।

ট্রফি দেরিতে
মোহনবাগানই আই লিগ চ্যাম্পিয়ন, সে ব্যাপারে সরকারি শিলমোহর পড়লেও, এখনই ট্রফি হাতে পাবে না সবুজ-মেরুণ। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে এখনই মোহনবাগানের হাতে আই লিগের ট্রফি ও পুরস্কার মূল্যের অর্থ তুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে এআইএফএফ।

মোহনবাগান ছেড়েছেন কিবু
আগামী মরশুমে এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল খেলবে মোহনবাগান। দলের কোচিং করাবেন দুই বারের আইএসএল জয়ী কোচ আন্টোনিও লোপেজ হাবাস। অন্যদিকে সবুজ-মেরুণের হাতে আই লিগ খেতাব তুলে দেওয়া কিবু ভিকুনা আইএসএল খেলা দল কেরালা ব্লাস্টার্সকে কোচিং করাবেন। উদ্ভুত পরিস্থিতিতে মোহনবাগান কোচের পদ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন কিবু।

ভারত ছেড়েছেন কিবু
করোনা ভাইরাসের প্রভাব বাড়ছে ভারতে। মারণ ভাইরাসে দাপটে কার্যত বিপর্যস্ত স্পেন। এই কঠিন পরিস্থিতি পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে নিজের শহরে ফিরে গিয়েছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। রবিবার সকালে কলকাতার নিউটাউনের আবাসন থেকে ছেড়েছিল স্প্যানিশ ফুটবলার ও কোচদের বাস। বিহার, ঝাড়খণ্ড, বেনারস এবং আগ্রা হয়ে সোমবার বিকেলে সেই বাস রাজধানী দিল্লিতে পৌঁছয়। সোমবার রাত দিল্লির এক হোটেলে কাটান কিভু ভিকুনারা। মঙ্গলবার সকালে বিশেষ বিমানে তাঁরা নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছেন।

কী বললেন কিবু
মরশুম জুড়ে মোহনবাগান সমর্থকদের কাছ থেকে তিনি অপার ভালোবাসা পেয়েছেন বলে জানিয়েছেন বিদায়ী কোচ কিবু ভিকুনা। বলেছেন, কলকাতায় তিনি নিজের হৃদয়ের অংশ রেখে যাচ্ছেন। ফিরে এসে আই লিগ জয়ের আনন্দ, সবুজ-মেরুণের ফুটবলার ও সমর্থকদেক সঙ্গে পালন করতে চান বলেও জানিয়েছেন কিবু ভিকুনা।


Click it and Unblock the Notifications



















