প্রো কবাডিতে পাটনা পিরেটসকে বড় ব্যবধানে হারিয়ে লিগ তালিকার দুই নম্বরে উঠে এল বেঙ্গল ওয়ারিয়র্স। তাদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসায় দেশের ক্রীড়া মহল।
বৃহস্পতিবার দিল্লির জহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে প্রো কবাডি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পাটনা পিরেটসের মুখোমুখি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়র্স। মনিন্দর সিং, রিঙ্কু নারওয়ালরা যে জিততে কতটা মরিয়া, তা ম্যাচের প্রথম মুহূর্ত থেকেই বোঝা যায়। একের পর এক দুর্দান্ত রেইড ও ট্যাকেলের সৌজন্যে ম্যাচের একটা সময় বেঙ্গল এতটা লিড নেয় যে তা ধরতে পারেনি পাটনা। মনিন্দর সিং-দের পক্ষে ৩৫-২৬ পয়েন্টে ম্যাচ শেষ হয়।
ম্যাচে ২০টি রেইড পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গল ওয়ারিয়র্স। সঙ্গে ১১টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্টও যায় জয়ী দলের ঝুলিতে। অন্যদিকে, পাটনা পিরেটসকে ১৮টি রেইড ও ৬টি ট্যাকেল পয়েন্ট নিয়ে খুশি থাকতে হয়।