ভাঙাচোড়া অস্ট্রেলিয়াকেই ইংল্যান্ড বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরছেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার তথা অধিনায়ক অনিল কুম্বলে। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অজি একাদশ, টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত নিশ্চিতভাবে যাবে বলেই দাবি জাম্বোর।
অনিল কুম্বলের যুক্তি, বিশ্বকাপে বরাবারই অন্য রকম খেলা দেখায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পরিবেশ অজি ক্রিকেটাররা ভালোভাবেই চেনেন। তাছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের টিম যথেষ্ট শক্তিশালী বলেও দাবি করেছেন ভারতের সর্বকালের সেরা লেগ স্পিনার।
গত এক বছরে ক্যাঙ্গারুর দেশের ক্রিকেট দলের দিকে তাকালে খুব একটা উল্লেখযোগ্য সাফল্য নজরে পড়ে না। বল ট্যাম্পারিংয়ের অভিযোগে দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের অ্যাপিয়ারেন্সে ধরা পড়ে। তবু তারই মধ্যে ঘুরে দাঁড়িয়ে চলতি বছরের শুরুতে ভারতকে ৩-২ এবং পাকিস্তানকে ৫-০ ফলে ওয়ান ডে সিরিজ হারান অজিরা। বিশ্বকাপের আগে দলে স্মিথ ও ওয়ার্নারের অন্তর্ভূক্তি অস্ট্রেলিয়ার শক্তি অনেকটাই বাড়াবে বলে মনে করেন অনিল কুম্বলে। অধিনায়ক হিসেবে অ্যারন ফিঞ্চেরও প্রশংসা করেছেন জম্বো।
অস্ট্রেলিয়া ছাড়াও ইংল্যান্ড ও ভারতকে আরো দুই সেমি ফানালিস্ট মনে করছেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে।