জিতলে সব ঝামেলা জয়ের কার্পেটে ঢাকা পড়ে যায়। হারলেই ফাটাফুটো সব বেরিয়ে আসে। এরকমটাই হল ভারতীয় শিবিরেও। পার্থ টেস্টে গোটা ক্রিকেট বিশ্বের সামনে বাদানুবাদে জড়ালেন ভারতীয় ক্রিকেটার ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা। এমনকী ঘটনা হাতাহাতিতেও গড়াতে পারত। আর সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন অজি অধিনায়ক তথা এই টেস্টের ধারাভাষ্য়কার রিকি পন্টিং-ও।
ঘটনাটি ঘটে পার্থ টেস্টের চতুর্থ দিন। কিন্তু সম্প্রচারের দায়িত্বে চ্য়ানেলটি ভিডিওটি দেখায় টেস্টের পঞ্চম দিনে। কি নিয়ে ঝামেলা বেধেছিল জাদেজা ও ইশান্তের মধ্যে তা স্পষ্ট নয়। তবে ভিডিও দেখে আন্দাজ করা যায় সম্ভবত ইশান্ত জাদেজার ফিল্ডিং পজিশন নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ১৩ জনের প্রাথমিক দলে থাকা জাদেজা সেই সময় পরিবর্ত হিসেবে ফিল্ডিং করছিলেন।
দুই ওভারের মাঝের সময় টুকুতে একে অপরের দিকে আঙুল উঁচিয়ে কথাবার্তা বলতে শুরু করেন তাঁরা। একসময় তাদের এই বাদানুবাদ এতটাই উত্যপ্ত হয়ে ওঠে যে দুই ক্রিকেটার একেবারে মুখোমুখি চলে আসেন। শেষ পর্যন্ত মহম্মদ শামি ও কুলদীপ যাদব এসে তাদের দুজনকে আলাদা করেন।
Ishant Sharma & Ravindra Jadeja were caught fighting & abusing on field yesterday. They were seen pointing fingers at each other in an animated argument. They were separated by Kuldeep & Shami. What's going on in Indian dressing room? #AUSvIND pic.twitter.com/j5fw5os0cD
— Abhishek Agarwal (@abhishek2526) December 18, 2018
এই ভিডিও দেখেই অজিরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, ভারতীয় ড্রেসিংরুমে সব ঠিকঠাক চলছে তো? ধারাভাষ্য়কার হিসেবে উপস্থিত রিকি পন্টিং বলেন, 'কে জানে কি নিয়ে ওরা কথা বলছিল, তবে বেশ হাত পা ছুঁড়ে কথা হচ্ছিল। বোঝাই গিয়েছে, দুজনের মধ্য়ে আবহাওয়া বেশ গরম হয়ে উঠেছিল।'