এপ্রিলে বিয়ে করেছেন। বিয়ের পর প্রথম কলকাতায় আসা। পিঙ্ক বল টেস্টে শামির বাউন্সারের আঘাতে আহত না হলে ইডেনে হয়ত হাফ সেঞ্চুরি করে কলকাতা সফরটা স্মরণীয় করে রাখতে পারতেন। চোটের কারণে সেটা সম্ভব না হলেও স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো নিয়ে স্মরণীয় স্মৃতি নিয়ে দেশে ফিরতে চলেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
মঙ্গলবার কলকাতা সফরে বেড়িয়ে স্ত্রীকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন লিটন। পরে শপিং মলে দেদার কেনাকাটা করেন দম্পতি। বৃহস্পতিবার পরিবারকে সঙ্গে নিয়ে তাঁর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত ভারত সফরে এসে এবার টি-টোয়েন্টি সিরিজে রোহিত অ্যান্ড কোম্পানিকে জোড় টক্কর দিলেও টেস্ট সিরিজে দল একেবারেই দাগ কাটতে পারেনি। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ৩ ম্যাচেই বাংলাদেশ দল দারুণ লড়াই দিয়েছিল। বিশেষ করে দিল্লি ও নাগপুর টি-টোয়েন্টি ম্যাচে মেন ইন গ্রিনের লড়াই প্রশংসা কুড়িয়েছিল।
এরপর টেস্টে যদিও একেবারেই হতশ্রী ব্যাটিং। ইন্দোর ও কলকাতা দুই টেস্টেই ইনিংসে ম্যাচ হারে বাংলাদেশ। পিঙ্ক টেস্টে টস জিতে বাংলাদেশ দলের ব্যাটিং নেওয়া নিয়ে ইতিমধ্যেই জোড় সমালোচনা চলছে। দলের পারফর্ম্যান্স নিয়ে কাটাছোঁড়ার ভাবনা সেদেশের ক্রিকেট বোর্ডের।