তাঁর এতদিনের পরিশ্রম যে স্বার্থক হয়েছে, তা এবার মনে হচ্ছে ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার। এতদিন পর নিজের জন্য গর্ববোধ করছেন অর্জুন পুরস্কার জয়ী ক্রিকেটার। এই সাফল্যের শ্রেয় নিজের স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যদের দিয়েছেন ইশু।
করোনা ভাইরাসের আবহে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট উপলক্ষ্যে দলগুলির প্রস্তুতি শুরু হয়েছে। সব সুরক্ষা বিধি মেনে অনুশীলনের জন্য এক মাস আগেই আরবে পৌঁছে গিয়েছেন ক্রিকেটাররা। এসবের মধ্যেই দেশের বার্ষিক ক্রীড়া পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত করার পাশাপাশি ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
এহেন সম্মান পেয়ে আপ্লুত হয়েছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ইশান্ত শর্মা। জানিয়েছেন, ১৩ বছরের পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে হচ্ছে তাঁর। অর্জুন পুরস্কার জয়ের জন্য তিনি নিজের জন্য যতটা গর্ববোধ করছেন, তার চেয়েও বেশি মর্যাদা দিচ্ছেন স্ত্রীর সমর্থনকে। গৃহকর্ত্রী তাঁকে এই পুরস্কার জন্য উদ্বুদ্ধ করেছেন বলেও জানিয়েছেন ইশান্ত। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত এক ভিডিও বার্তা পোস্ট করেছেন ভারতীয় ফাস্ট বোলার।
'A proud moment for me and my family,' @ImIshant on winning the Arjuna Award for 2020.#TeamIndia pic.twitter.com/VbVdWN0qWE
— BCCI (@BCCI) August 24, 2020
ইশান্ত শর্মা ছাড়াও অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অল-রাউন্ডার দীপ্তি শর্মা। তাঁরা সহ দেশের বিভিন্ন ক্ষেত্রের মোট ২৭ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে ভূষিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। পুরস্কার জয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।