
সৌরভের ভাবনা
বিগত কয়েক বছর ধরে দেশে অনুষ্ঠিত হওয়া টেস্ট ম্যাচগুলিতে দর্শক সংখ্যা কমেছে উল্লেখযোগ্য ভাবে। কয়েক মাস আগে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। প্রতিটি ম্যাচেই স্টেডিয়াম শূণ্যই থেকেছে। টেস্ট ক্রিকেটের প্রতি দেশের মানুষের এই অনীহায় উদ্বিগ্ন হন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ভারতে টেস্ট ক্রিকেটের কৌলিন্য ফেরাতে পারে দিন-রাতের ফর্ম্যাট।

প্রথমবার সুপার হিট
কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলা দেশের প্রথম আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট আপাত দৃষ্টিতে সফল বলা যেতে পারে। কারণ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি, ইতিমধ্যেই নাকি এই টেস্টের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

হরভজন তা মনে করেন না
গোলাপি বলের ফর্ম্যাট যে ভারতে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে, তেমনটা কিন্তু মনে করেন না ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের আদরের 'ভাজ্জু'র মতে, দিন-রাতের হলেই যে টেস্ট ক্রিকেটে দর্শক সংখ্যা বাড়বে, তার কোনও মানে নেই। বরং ক্রিকেটের এই ফর্ম্য়াটকে দেশের ছোট ছোট শহরেও নিয়ে যেতে হবে, যেখানে মানুষ তাঁদের আইকনদের চাক্ষুষ করতে পারবেন বলে মনে করেন টার্বুনেটর। উদাহরণ হিসেবে হরভজনের বক্তব্য, সব আন্তর্জাতিক ম্যাচ পাঞ্জাবের মোহালিতে না ফেলে অমৃতসরে করলে, সেখানকার মানুষ ক্রিকেটের সঙ্গে আরও একাত্ম হতে পারেন।

পরিকাঠামো নিয়ে প্রশ্ন
হরভজন সিং-র কথায়, ভারতের ক্রিকেট স্টেডিয়ামগুলি অনুন্নত পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষের অভাব, মাঠ থেকে বিমুখ করছে দর্শকদের। বসার ব্যবস্থা সঠিক করলে, শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দর্শক ফের ক্রিকেট মাঠমুখী হবেন বলেও বিশ্বাস করেন টার্বুনেটর।


Click it and Unblock the Notifications



















