ধোনির জন্মদিনে লিটল মাস্টারের ছোট্ট এক টুইট ঘিরে বিতর্ক।
মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচে নামছে ভারত। সেই ম্যাচের আগে সচিনের টুইট নিয়ে বিস্তর জলঘোলা।
মেগা সেমিফাইনালের দুদিন আগে ৭ জুলাই ছিল ধোনির জন্মদিন। টুইটে মাহিকে শুভেচ্ছা জানান সচিন। সোশ্যাল মিডিয়ায় ধোনিকে উদ্দেশ করে লিটল মাস্টার লেখেন, 'জন্মদিনে ধোনিকে অনেক শুভেচ্ছা জানাই। ধোনির কেরিয়ারে বিশ্বকাপের পরের দুই ম্যাচ দারুণ কাটুক।'
Wish you a happy birthday @msdhoni! Have a great year.
— Sachin Tendulkar (@sachin_rt) July 7, 2019
All the very best for the next two games 👍 pic.twitter.com/d8STlRh9e9
সচিনের টুইটের শেষ লাইনটি ঘিরেই বিতর্ক। নিউজিল্যান্ডের এক ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, সচিনের এই মন্তব্যে কিউয়ি মিডিয়ার বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে।
কিউয়ি দলের কোচ গ্যারি স্টিডও নাকি সচিনের এই পোস্টে ক্ষোভপ্রকাশ করেছেন। তার বক্তব্য, ধোনিকে পরের দুই ম্যাচের শুভেচ্ছা জানানোর অর্থ, সচিন ধরেই নিচ্ছেন সেমিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাচ্ছে ভারত। নিউজিল্যান্ড দল আন্ডারডগ হলেও, সেমির লড়াই শুরুর আগে তাঁদের এভাবে অপমান করার কোনও মানে হয় না বলে উল্লেখ করেছেন কোচ।