ভারতের কাছে হেরে শান্তি নেই, এবার আদালতের ফাঁড়া!
বিশ্বকাপে ভারতের কাছে লজ্জার হার পাকিস্তানের, যার জেরে তোলপাড় অবস্থা পাক ক্রিকেট দলে। ইতিমধ্যেই দেশে ফিরে জনরোষের মুখে পড়তে হবে আন্দাজ করে দলকে সাবধান বার্তা শুনিয়ে দিয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। শোনা যাচ্ছে পাক ক্রিকেটের অন্দরে এবার নাকি অধিনায়ক ও কোচ বদলেও আওয়াজ উঠেছে।তোলপাড় করা এই অবস্থার মাঝেই এবার পাক দলের ক্রিকেটারদের নির্বাসন চেয়ে আদালতে পিটিশন জমা দিলেন এক ক্রিকেট ফ্যান।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে হারের পর পাক ক্রিকেট দল ও নির্বাচন কমিটির সদস্যদের বিরুদ্ধে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা সিভিল কোর্টে পিটিশন জমা দিয়েছেন এক ক্রিকেট সমর্থক। ফ্যানের দায়ের কথা এই পিটিশনের জবাবে পাক ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাটিয়েছে আদালত।
প্রসঙ্গত বিশ্বকাপের ইতিহাসে ভারতের কাছে এটি পাকিস্তানের সপ্তম হার। এরপরই নড়েচড়ে বসেছে পাক ক্রিকেট বোর্ড। বুধবার লাহোরে পাক দলের অবস্থা নিয়ে কাটাছেঁড়া করতে বসবেন কর্তাদের। শোনা যাচ্ছে বিশ্বকাপের পরই কোচ-কাপ্তানদের চাকরী যেতে পারে। সেই সঙ্গে নির্বাচক কমিটির সদস্যদের উপরও কোপ পড়তে পারে বলে মনে করছে সেদেশের সংবাদমাধ্যম।
উল্লেখ্য বিশ্বকাপে এই মুহূর্তে ৫ ম্যাচের একটিতে জিতে ও অন্য এক ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগির পর, ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে সরফরাজরা।