সিডনি, ২২ জানুয়ারি : সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে প্রভাব ফেলতে পারে বৃষ্টি। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ভোগাতে পারেন বরুণ দেব, পূর্বাভাস তেমনই।
তবে এসবেরই মধ্যে ৪-০-তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশের হুমকি দিয়ে বসে রয়েছে। অধিনায়ক স্টিভ স্মিথ স্পষ্ট বলছেন, "ধোনিবাহিনীকে হোয়াইটওয়াশ করাই আমাদের লক্ষ্য।"
একদিনের সিরিজে ব্যাটিং বোলিং সব বিভাগেই ভারতের চেয়ে ভালো পারফরমেন্স করেছে অজি বাহিনী। আর সেজন্যই প্রতিটি ম্যাচে জিতেছেন ম্যাক্সওয়েলরা। তবে বৃষ্টির ভ্রুকুটি থাকায় ৫-০ হবে কিনা তা নিয়েই আপাতত চিন্তায় স্মিথরা। কারণ বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, পরপর হারের চোটে বিধ্বস্ত ভারতীয় শিবির ভেজা মাঠের কারণে এদিন অনুশীলন করতে পারেনি। গতবছরের ২৬ জানুয়ারি সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এবারও তেমন কিছুই আশঙ্কা করা হচ্ছে।