ঘরের মাঠে ভারতের কাছে সম্পূর্ণ পর্যুদস্ত হওয়ার পর, ফিরতি সফরে টি২০ সিরিজ জিতে অস্ট্রেলিয়া দলের মনোবল এখন তুঙ্গে। কিন্তু প্রথম একদিনের ম্যাচের আগের দিনই জোর ধাক্কা খেল অস্ট্রেলিয়া। খেলতে পারবেন না ফর্মের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার ব্য়াটিং-এর মেরুদণ্ড শন মার্শ-ই। হ্যামস্ট্রিং-এ সামান্য চোট রয়েছে, সেই সঙ্গে ভারতে এসে পৌঁছেছেন দেরীতে।
স্মিথ-ওয়ার্নারের নির্বাসনের পর থেকে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ফর্ম ক্রমে পড়েছে। এই অবস্থায় নড়বড়ে ব্য়াটিংয়ের প্রধান ভরসা হয়ে উঠেছেন শন মার্শ। সাদা বলের ক্রিকেটে তাঁর সাম্প্রতিক ফর্মও দুর্ধর্ষ। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে তিনি টি২০ সিরিজ খেলতে আসেননি। কথা ছিল বুধবারই অ্য়ান্ড্রু টাই ও তিনি দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু মার্শ ভারতে এসেছেন বৃহস্পতিবার সকালেই।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তাঁর বাদ পড়ার বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে অবশ্য ঠিক কি কারণে তিনি খেলবেন না তা স্পষ্ট নয়। তারা বলেছে, দেরীতে ভারতে পৌঁছন ও হ্য়ামস্ট্রিং ভোগাচ্ছে বলে তিনি হায়দরাবাদের ম্যাচে নেই। এতেই ধোঁয়াশা তৈরি হয়েছে। দেরীতে আসার জন্য শৃঙ্খলাভঙ্গের কারণে তিনি বাদ পড়লেন, নাকি যাত্রার ক্লান্তিতে চোট বাড়তে পারে বলে বিশ্রাম দেওয়া হল তাঁকে তা স্পষ্ট নয়।