ঝড়-বৃষ্টিতে ভারতের অস্ট্রেলিয়া সফর ২০১৮-১৯'এর একমাত্র ৪-দিনের গা ঘামানো ম্যাচের প্রথম দিনটা নষ্ট হয়েছে। কিন্তু মেঘ কেটে যেতেই সিডনিতে ঝলমলিয়ে উঠল পৃথ্বী শয়ের ব্যাট। অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসেই মাত্র ৬৯ বলে ৬৬ রানের ইনিংস এল তাঁর ব্যাট থেকে। মোট ১১টি ৪ মারেন তিনি।
বাকি ভারতীয় ব্যাটম্যানরাও ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে ভালই রান পেলেন। পুজারা (৫৪), কোহলি (৬৪), রাহানে (৫৬), এমনকী আরেক তরুণ ব্যাটসম্যান হনুমা বিহারী (৫৩)-ও অর্ধশতরান করলেন। ৭ নম্বরে নেমে রান পেলেন রোহিত শর্মা (৪০)-ও।
একমাত্র চলল না পৃথ্বীর সঙ্গে ওপেন করতে নামা কেএল রাহুলের ব্যাট। মাত্র ৩ রান পেলেন তিনি অস্ট্রেলিয়া সফরের প্রথম লাল বলের ম্যাচে। অথচ এই অস্ট্রেলিয়া মাটিতেই তাঁর ভারত এ এবং ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল। অস্ট্রেলিয়ার পিচের সঙ্গে তাঁর খেলার ধরণও মানানসই। কাজেই তিনি বিরাট কোহলির একমাত্র কপালের ভাঁজ হয়ে থাকলেন।
সব মিলিয়ে ভারত ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রথম ইনিংসে তুলল ৩৫৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ডার্সি শর্ট ১০ রানে ও ম্যআক্স ব্র্যান্ট ১৪ রানে অপরাজিত আছেন।