ভারত মহিলা দল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচে নেপিয়ারে নিউজিল্যান্ড মহিলা দলকে ৯ উইকেটে হারিয়ে দিল। প্রথমে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জোরে কিউইদের মাত্র ১৯২ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। পুনম যাদব ও একতা বিস্ত দুজনেই ৩টি করে উইকেট নেন। জবাবে স্মৃতি মান্ধানার শতরান (১০৫) ও জেমাইমা রড্রিদেজের অপরাজিত ৮১ রানের দৌলতে ৩৩ ওভারেই ম্যাচ জিতে নেয় মিতালি রাজের দল।
একদিন আগেই নেপিয়ারে প্রায় একইরকম চিত্রনাট্য়ে বিরাট কোহলির ভারত ৭ উইকেটে জিতেছিল। তাদেরকে ছাপিয়ে গেলেন মান্ধানারা। এদিন টসে জিতে কিউইদের আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন মিতালি। সোফিয়া ডিভাইন (২৮) ও সুজি বেটস (৩৬) প্রথম উইকেটের জুটিতে ৬১ রান তুলে ভাল শুরু করেছিলেন।
কিন্তু তাঁরা ফিরতেই মাঝের ওভারে খেলা ঘুরতে শুরু করে। ভারতীয় স্পিনাররা শৃঙ্খলিত বোলিং-য়ে একদিকে তাদের রান তোলার গতি শুষে নেয়, অপরদিকে নিয়মিত ব্যবধানে উইকেটও তুলতে শুরু করে। বিশেষ করে একতা বিস্ত ও পুনম যাদব কিউই ব্যাটসওম্য়ানদের মারার কোনও জায়গাই দেননি। নব উইকেটের জুটিতে হ্যানা রাওয়ে ও হোলি হাডলস্টোন ২৬ রান যোগ না করলে তাদের আরও বড় লজ্জার মুখে পড়তে হত।
জবাবে স্মৃতি মান্ধানা ও জেমাইমা রড্রিগেজের ভারতীয় ওপেনিং জুটিতেই প্রায় জয়ের রান উঠে আসে। প্রথম ১০ ওভারেই তারা ৫৩ রান তুলে দিয়েছিলেন। দারুণ স্ট্রোক প্লের নিদর্শন রেখে মান্ধানা মাত্র ৪৩ বলে তাঁর অর্ধশতরান পূর্ণ করেছিলেন। ১০১ বলে করেন শতরান।
Comprehensive win for #TeamIndia as they wrap the 1st ODI by 9 wickets. 1-0 🇮🇳🇮🇳 #NZvIND pic.twitter.com/MoU73CwSOX
— BCCI Women (@BCCIWomen) January 24, 2019
উল্টো দিকে জেমাইমা মান্ধানার মতো বিধ্বংসী না হলেও খারাপ বল পেলে রেয়াত করেননি। তাঁর অর্ধশতরান আসে ৬১ বলে। একেবারে শেষে ছয় মেরে ম্যাচ জেতানোর লোভে পড়ে উইকেট হারান স্মৃতি মান্ধানা। ১০৪ বলে ১০৫ রানে শেষ হয় তাঁর ইনিংস। জেমাইমা ৮১ করে অপরাজিত থাকেন। ভারত ১০২ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয়।
এরপর ১৯ জানুয়ারি তারিখে দুই দল মাউন্ট মাউগানুই-য়ের 'বে ওভাল' স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে।