করোনা ভাইরাস ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে ভারতে। দেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৯ জন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে চারশো জন। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কার্ফুতে সাড়া দিয়েছে দেশ। তাতে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটার ও সেলেব্রিটিরা।
তাঁদেরই মধ্যে একজন, টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা, যিনি আবার ক্রিকেট ছাড়া বাঁচতেই পারেন না। তাই জনতা কার্ফুর দিনও খেলতে দেখা গেল তাঁকে। তবে ইন্ডোরে, মজার ছলে, কন্যা সামাইরার সঙ্গে।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, জনতা কার্ফুতে সামিল হয়েছেন প্রত্যেকে। কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে, তাতে অংশ নেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাও। রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে ঘরবন্দি থাকেন তিনি। তারই মধ্যে দুর্দান্তভাবে সময়ও কাটিয়েছেন হিটম্যান। আইসিসি-র পুল শট সংক্রান্ত টুইটের যেমন জবাব দিয়েছেন, তেমনই মেয়ে সামাইরাকে ব্যাট ধরাও শিখেছেন রোহিত।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, ব্যাট হাতে দাঁড়িয়ে আছে ছোট্ট সামাইরা। তাঁকে ধরে রয়েছেন রোহিত। বলে শট মারার পর শিশুকন্যার উচ্ছ্বাস এবং আনন্দ দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। উচ্ছ্বসিত হয়েছেন রোহিত নিজেও। জনতা কার্ফু যে এভাবেও পালন করা যায়, তা ভাবতেও পারেননি অনেকে।