রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান শারজায় টি ২০ সিরিজে পাকিস্তানকে পরাস্ত করেছে। এবার আইপিএলে ফোকাস আফগান অধিনায়ক রশিদের। তার আগেই পেয়ে গেলেন সুখবর। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাকে সরিয়ে টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর বোলারের সিংহাসনটি দখল করলেন রশিদ।
তবে এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালেও বিশ্বের ১ নম্বর টি ২০ বোলার হয়েছিলেন রশিদ। গত বছরের নভেম্বর অবধি তিনি ওই জায়গা ধরে রেখেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে তিনটি ম্যাচেই একটি করে উইকেট দখল করেন রশিদ। ইকনমি রেটও ছিল উল্লেখযোগ্য। টি ২০ আন্তর্জাতিকের ক্রমতালিকার প্রথম দশে আফগানিস্তানের মোট তিনজন বোলার রয়েছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের ফজলহক ফারুকি। তিনি ৪.৭৫ ইকনমি রেট রেখে পাকিস্তান সিরিজে ৫ উইকেট নিয়েছেন। ১০ নম্বর থেকে আটে উঠে এসেছেন মুজিব উর রহমান। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে বাংলাদেশের শাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের টি ২০ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
একদিনের আন্তর্জাতিকের র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার প্রথম দশে রয়েছেন ভারতের তিনজন ক্রিকেটার। শুভমান গিল রয়েছেন পঞ্চম স্থানে। বিরাট কোহলি রয়েছেন সাতে। রোহিত শর্মা উঠে এসেছেন অষ্টম স্থানে। বোলারদের মধ্যে শীর্ষে জশ হ্যাজলউড, অলরাউন্ডারদের তালিকায় শাকিব আল হাসান। বোলারদের বা অলরাউন্ডারদের তালিকার প্রথম দশে নেই কোনও ভারতীয়। ভারতকে ওডিআই সিরিজে হারিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পা চেন্নাই ম্যাচে ৪৫ রানে চার উইকেট নেওয়ার সুবাদে কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছেন। বোলারদের তালিকায় তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। অলরাউন্ডারদের তালিকায় জিম্বাবোয়ের সিকান্দর রাজা এক ধাপ উঠে পাঁচে চলে এসেছেন।