মাঠের বাইরের বিতর্ক যেন পিছু ছাড়ছে না ধোনিকে। সত্যি সময়টা একেবারেই ভালো যাচ্ছে না প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
বিশ্বকাপের অভিযান ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দস্তানায় ভারতীয় প্যারামিলিটারি ফোর্সের বলিদান চিহ্ন ব্যবহার করে আইসিসি'র প্রশ্নের মুখে পড়েছেন মাহি। সেই নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের আগে বিস্তর জলঘোলা হয়েছে। এবার স্ত্রী সাক্ষীর কারণে শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় উইকেটকিপার।
আদতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ভারতীয় বোর্ডের লিখিত নির্দেশ ছিল, টুর্নামেন্টের প্রথম ২০ দিন স্ত্রী বা বান্ধবীকে বিশ্বকাপে আমন্ত্রণ জানাতে পারবেন না কোনও ক্রিকেটার। অন্য ক্রিকেটাররা নিয়মভঙ্গ না করলেও মাহি নিয়ম ভেঙেছেন। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের দিন মেয়ে জিভার সঙ্গে গ্যালারিতে ছিলেন সাক্ষী। ধোনি পত্নী নিজেই সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। আর ছবি প্রকাশ্যে আসার পরই অস্বস্তিতে পড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
দলগত নিয়ম ভাঙার কারণে ধোনির বিরুদ্ধে বোর্ড কোনও জরিমানা করে কিনা, কিংবা আদৌও কোনও ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার। প্রসঙ্গত বলিদান গ্লাভস ইস্যুতে অবশ্য আইসিসি'র বিরোধীতা করে ধোনির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বিসিসিআইকে। আইসিসি ধোনিকে বিশেষ গ্লাভাস পরে খেলতে নিষেধ করলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও শেষ পর্যন্ত আইসিসি'র নির্দেশে বলিদান গ্লাভস পরে অস্ট্রেলিয়া ম্যাচে নামা হচ্ছে না মাহির।