রাঁচির রাজভবনে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে কী কথা হয়, তা অবশ্য জানা যায়নি।
তিন দিনের সফরে রবিবার ঝাড়খণ্ডের গুলমা জেলায় যাওয়ার কথা ছিল দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য তাঁর সেই সফর বাতিল হয়। দিনভর রাঁচির রাজভবনেই কাটান রাষ্ট্রপতি কোবিন্দ। তার ফাঁকে একটা সময় রাজভবনেই ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেশের রাষ্ট্রপতি সৌজন্য সাক্ষাৎ করেন বলে খবর।
উল্লেখ্য ইংল্যান্ড বিশ্বকাপের পর ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নেন মাহি। উল্টে ক্রিকেট থেকে অনেক দূরে আমেরিকায় হালকা ছলে তাঁকে গলফ দেখা যায়। এই মুহূর্তে নিজের শহর রাঁচিতেই রয়েছেন এমএস। রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে তাঁকে বন্ধুদের সঙ্গে স্নুকার্স খেলতে দেখা যায়।