একটা সময় ছিল যখন ভারতীয় ক্রিকেট দলকে প্রায় প্রতি ম্যাচেই হারাত পাকিস্তান। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সইদ আনোয়ার, ইনজামাম উল হক, সাকলাইন মুস্তাক, আখিব জাভেদ, সেলিম মালিক, জাভেদ মিয়াদাঁদ সম্বলিত নব্বই দশক ও তার পরবর্তী সময়ের পাক দলকে এখনও নত-মস্তকে সেলাম করে ক্রিকেট বিশ্ব।
কিন্তু তাঁদের উত্তরাধিকারীরা কোথাও যেন সেই ক্রিকেটের অভাবেই ভুগছেন। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া সরফরাজ আহমেদ নেতৃত্বাধীন পাকিস্তান দলে সেই তাগিদটা খুঁজে পাচ্ছেন না প্রাক্তনীরা। একমাত্র মহম্মদ আমির ছাড়া দলের বাকি খেলোয়াড়দের পারফরম্যান্স অতি সাধারণ বলেই মনে করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েও ভারতের বিরুদ্ধে পাক দলের অসহায় আত্মসমর্পণের জন্য কাকে দায়ী করা যায়, তা নিয়ে সেদেশের রিভার্স সুইংয়ের রাজা ওয়াকার ইউনিসের উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।
ওয়াকারের মতে, বিরাট কোহলি নেতৃতাধীন ভারতীয় দলকে ভয় পাচ্ছে সরফরাজ আহমেদের পাকিস্তান। অথচ এই পাক দলে প্রতিভার অভাব নেই বলেই মনে করেন সে দেশের প্রাক্তন অধিনায়ক। এরপর স্মৃতির সরণী বেয়ে নব্বইয়ের দশকে ফিরে গেছেন ওয়াকার। আক্ষেপের সুরে বলেছেন, সেই সময় পাকিস্তানের কী দল ছিল। কিন্তু সেই দলের যে এমন পরিণতি হবে, তা তিনি ভাবতে পারছেন না বলে আপসোস করেছেন ওয়াকার। শুধু বিশ্বকাপ নয়, টুর্নামেন্ট শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ওয়ান ডে সিরিজ হারের প্রসঙ্গও তুলেছেন সেদেশের প্রাক্তন অধিনায়ক।
তবে এই কঠিন পরিস্থিতিতে তিনি দলের পাশে আছেন বলেই জানিয়েছেন ওয়াকার ইউনিস। জাতীয় দলের খেলোয়াড়দের উদ্দেশে তাঁর পরামর্শ, ভয়-ডর দূরে ঠেলে, ফলাফলের কথা না ভেবে শুধু গেমে ফোকাস করাই হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।