
ভারতকে ২০০৭-র টি-টোয়েন্টি ও ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি উইকেটরক্ষকের দস্তানা ও ব্যাট হাতে ঠিক কতটা দক্ষ, তা সবারই জানা। সম্প্রতি মাহির বহু অজানা গুনের আত্মপ্রকাশও ঘটছে সংবাদমাধ্যমে। তা সত্ত্বেও ধোনির যে অজানা দক্ষতার প্রকাশ ঘটেনি এখনও পর্যন্ত, তা জানালেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।
দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেই ভারতীয় ক্রিকেট দলের সেরা ফুটবলার বাছলেন রোহিত শর্মা। উল্লেখ্য শৈশবে ফুটবলার হতে চেয়েছিলেন ধোনি। গোলরক্ষকের স্থান ছিল তাঁর সবচেয়ে পছন্দের। সেই ভালো লাগার অনুভূতি যে ধোনির ধমনীতে প্রবাহমান, তা ফুটবল পায়ে পড়লেই তিনি বোঝান বলে জানিয়েছেন হিটম্যান। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলে একজন জলাটান ইব্রাহিমোভিচ আছেন বলে জানিয়েছেন রোহিত শর্মা। বলেছেন, দলের ডান হাতি পেসার ইশান্ত শর্মাকে এই নামেই ডাকেন সতীর্থরা।
স্পেনের জনপ্রিয় লা লিগার ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দেশের ফুটবলের প্রসার দেখতে চান বলে জানিয়েছেন রোহিত শর্মা। গত পাঁচ বছরে ভারতীয় ফুটবল যে আগের থেকে অনেক বেশি এগিয়ে, তাও মনে করেন হিটম্যান। বলেছেন, ক্রিকেটের পাশাপাশি দেশের ফুটবল সমর্থকদের সঙ্গেও সংযুক্ত হতে চান তিনি।