
ব্যাটিং নিয়ে চিন্তায় নেই রোহিত
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি হারলেও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্সে অখুশি নন অধিনায়ক রোহিত শর্মা। তাই রাজকোট ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে কোনও পরিবর্তন প্রয়োজন নেই বলেই মনে করেন হিটম্যান।

বোলারদের পারফরম্য়ান্সে অখুশি রোহিত
টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার কথায়, দিল্লির মতো উইকেটে বাংলাদেশের বিরুদ্ধে ১৪৮ ডিফেন্ড করা খুব একটা শক্ত কাজ ছিল না। সেদিন ভারতীয় পেসাররা আরও একটু উপযোগী হলে ম্যাচ তাঁরা জিততে পারতেন বলে মনে করেন রোহিত শর্মা।

পেস আক্রমণে পরিবর্তন
টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার কথায়, দিল্লির উইকেটের দিকে লক্ষ্য রেখে সেদিন দলের পেস আক্রমণ সাজানো হয়েছিল। কিন্তু রাজকোটের পিচ দিল্লির থেকে সম্পূর্ণ আলাদা (ব্যাটিং সহায়ক) হওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে, দলের পেস আক্রমণে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

সম্ভাব্য পরিবর্তন
গত ম্যাচ নিজের শেষ ওভারে পরপর চারটি বাউন্ডারি দিয়ে বাংলাদেশের হাতে কার্যত ম্যাচ তুলে দেওয়া বাঁ-হাতি পেসার খলিল আহমেদ, রাজকোটে বাদ যেতে পারেন। পরিবর্তে দলে ডান হাতি পেসার শার্দুল ঠাকুরকে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

কিছু জায়গায় খামতি
দিল্লি ম্যাচে কিছু বিভাগে ভুল করে ফেলেন ভারতীয় ক্রিকেটাররা। রাজকোটে সেই ভুলগুলি শুধরে নেওয়ার আপ্রাণ চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। জানিয়েছেন, এই ম্য়াচে সব বিভাগেই উন্নতি করতে তাঁরা বদ্ধপরিকর।

টি-টোয়েন্টিতে নতুন ক্রিকেটার
রোহিত শর্মার কথায়, টি-টোয়েন্টি এমন এক ফর্ম্যাট, যেখানে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া যায়। ভারতের হয়ে ওয়ান ডে ও টেস্ট খেলার আগে ২০ ওভারের ম্যাচ উঠতি ক্রিকেটারদের কাছে সিঁড়ি হিসেবে কাজ করে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন অধিনায়ক।


Click it and Unblock the Notifications




















