
ভয়াল করোনা
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১৮ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক লক্ষেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে আট হাজার। মৃতের সংখ্যা প্রায় ৩০০।

দেশজুড়ে লকডাউন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। তাতেও পরিস্থিতি হাতে না আসায়, ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তারপরেই পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্নাটক সহ দেশের বেশ কিছু রাজ্যে লকডাউনের মেয়াদ ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়। যদিও এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

কেন্দ্রের পাশে ক্রিকেটাররা
সরকারের লকডাউনের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, প্রত্যেকেই লকডাউন মেনে চলার পাশাপাশি সহ-নাগরিকদেরও এই নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছেন। তবুও কিছু মানুষ বারবার একই ভুল করে ফেলছেন। লকডাউনের মধ্যেই রাস্তায় বেরিয়ে পড়ছেন যখন-তখন। সেই সব মানুষদের ঘরমুখী করতে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে পুলিশ। দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছেন আইনের রক্ষকরা।
|
রোহিত শর্মার কুর্নিশ
মুম্বইয়ের বাসিন্দা রোহিত শর্মা, তাঁর শহরের পুলিশের কেরামতি কাছ থেকে দেখছেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় মুম্বই পুলিশ যেভাবে শহরকে নিয়ন্ত্রণ করেছেন, তা দেখে উচ্ছ্বসিত হয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। সহ-মুম্বইকরদের পুলিশ কর্মীদের পাশে দাঁড়িয়ে ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছেন হিটম্যান।


Click it and Unblock the Notifications



















