
কী হয়েছিল সেদিন
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানেই ৩ উইকেট হারায় ভারত। ১ রান করে সাজঘরে ফিরে যান যথাক্রমে বিরাট কোহলি, রোহিত শর্মা ও কেএল রাহুল। দলের সেরা ব্যাটসম্যানরা আউট হওয়ার পরেও অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকে ক্রিজে না পাঠিয়ে দীনেশ কার্তিক ও হার্দিক পাণ্ডিয়াকে ব্যাট করার সুযোগ দেওয়া হয়।

প্রতিক্রিয়া
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় গুরুত্বপূর্ণ ম্যাচে এমএস ধোনিকে ব্যাটিং অর্ডারের নিচে পাঠানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন। দলের প্রধান কোচ রবি শাস্ত্রী ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে আক্রমণ করেন মহারাজ। ম্যাচ হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্ত সমালোচিত হয় সোশ্যাল মিডিয়াতেও।

পরিণতি
বিশ্বকাপের সেমিফাইনালে হারের জন্য সেদিনের ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনাকেই দায়ী করা হয়। শোনা যাচ্ছে ওই ভুলের জন্য টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের পদ হারাতে পারেন সঞ্জয় বাঙ্গার।

বাঙ্গারের বক্তব্য
দীর্ঘদিন পর এ ব্যাপারে মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। সাফ জানালেন, সেদিন এমএস ধোনিকে ব্যাটিং অর্ডারের নিচে পাঠানোর সিদ্ধান্ত তাঁর একার ছিল না। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগেও দলের প্রয়োজনে এভাবে ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছিল। কিন্তু তখন এমন বিপর্যয় হয়নি বলে অকপটে জানিয়েছেন বাঙ্গার। বলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে ৩০ ও ৪০ ওভারের পর খেলা ধরতে ধোনিকে সাত নম্বরে নামানো হয়েছিল।


Click it and Unblock the Notifications



















