ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের উত্তাপ ঘরের মাঠে চেলসির সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবল ডার্বির সমতুল বলে দাবি করেছেন শোয়েব আখতার। ম্যাচে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দলকেই এগিয়ে রাখছে রাউলপিণ্ডি এক্সপ্রেস।
বিশ্বকাপের শুরুটা ভাল করেও পরপর শেষের তিনটি লিগ ম্য়াচ হেরে যাওয়া কেন উইলিয়ামসনের দল প্রথম সেমি ফাইনালে টিম ইন্ডিয়াকে বড়সড় ধাক্কা দিতে পারে বলে মনে করেন ক্রিকেট মহলের একটা অংশ। তাঁদের পথে অবশ্য হাঁটতে রাজি নন প্রাক্তন পাক লেজেন্ড। নিজের ইউ টিউব পেজে শোয়েব বলেছেন, নিউজিল্যান্ড নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা দল। তা বলে ভারতীয় দলের সঙ্গে তাদের তুলনা চলে না বলেই মনে করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।
শোয়েব আখতারের কথায়, টিম ইন্ডিয়া এই মুহূ্র্তে বিশ্বের অন্যতম পরিণত ও ভারসাম্য যুক্ত দল। একমাত্র খুব খারাপ না খেললে ওল্ড ট্রাফোর্ডে বিরাট বাহিনীকে হারানো ব্ল্যাক ক্যাপদের পক্ষে কার্যত অসম্ভব বলেই মনে করেন প্রাক্তন পাক তারকা। এই ম্যাচেও রোহিত শর্মা ভারতের অন্যতম কি-ফ্যাক্টর হবে বলেও বিশ্বাস করেন শোয়েব। একই সঙ্গে বিরাট কোহলি ও ঋষভ পন্থ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।