২৬ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের। প্রাথমিকভাবে টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার মুরলী বিজয়। কিন্তু কব্জির চোট পুরোপুরি না সারায় তাঁর পরিবর্তে শিখর ধাওয়ানকে শ্রীলঙ্কা সফরে পাঠাচ্ছে বিসিসিআই।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীন কব্জিতে চোট পেয়েছিলেন মুরলী বিজয়। সেই সিরিজে ২-১ জিতেছিল ভারত। কিন্তু তারপর চোট সারিয়ে আর কোনও ম্যাচ খেলেননি মুরলী বিজয়। বিসিসিআইয়ের নতুন নিয়মে চোটের পর ঘরোয়া ক্রিকেটে কোনও ম্যাচ না খেলে কেউই আন্তর্জাতিক কোনও ম্যাচ খেলতে পারবেন না। ফলে মুরলী বিজয়কে প্রাথমিক ভাবে বাছা হলেও পরে তাঁকে বাদ দিয়ে শিখর ধাওয়ান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
UPDATE: @SDhawan25 to replace injured Murali Vijay for India’s tour of Sri Lanka, 2017 pic.twitter.com/OD07odsd3q
— BCCI (@BCCI) July 17, 2017
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে জাতীয় দলে ঢোকেন শিখর ধাওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ৬৮, ১২৫, ৭৮ রান করেন শিখর। মুলত এরই সুবাদে মুরলী বিজয়কে সরিয়ে তিনি দলে এলেন। এদিকে শ্রীলঙ্কায় ৩টি টেস্ট, ৫ টি একদিনের ম্যাচ ও ১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর মুরলী বিজয় জানিয়েছিলেন তাঁর হাতের কব্জির চোটে অস্ত্রোপচার করতে হবে,নইলে সব শট তিনি খেলতে পারছেন না। এদিকে এখনও রিহ্যাব পুরোপুরি শেষ না হওয়ায় তাঁকে বাদ দিয়ে শিখর ধাওয়ানকে দলে নিয়েছেন নির্বাচকরা।