ইংল্যান্ড বিশ্বকাপের জন্য আইসিসি প্রকাশিত ধারাভাষ্যকারদের প্যানেলে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। প্যানেল রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ও ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলেও।
৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে আইসিসি নির্বাচিত প্রতিযোগিতার ধারাভাষ্যকারদের প্যানেলে সৌরভ গাঙ্গুলীর নাম দেখে উচ্ছ্বসিত ভারতের ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে ধারাভাষ্যের জন্য আইসিসি-র তরফে মহারাজ আমন্ত্রণ পাওয়ায় গর্বিত বাংলা ক্রিকেটও।
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ভারত ছাড়াও বিভিন্ন দেশের মোট ২৪ জন ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ভারতের সৌরভ গাঙ্গুলী, সঞ্জয় মঞ্জরেকর ও হর্ষ ভোগলে ছাড়াও তালিকায় বাংলাদেশের আথার আলি খান, পাকিস্তানের রামিজ রাজা, ওয়াসিম আক্রম, শ্রীলঙ্গার কুমার সাঙ্গাকারার নাম রয়েছে। গত বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক যথাক্রমে ব্রেন্ডন ম্যাকুলাম, শন পোলক, গ্রেম স্মিথের নামও প্যানেলে রেখেছে আইসিসি। রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেনের নামও। মহিলা ধারাভাষ্যকার হিসেবে আইসিসির প্যানেলে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইশা গুহ ও মিলেনি জোন্সের নাম রয়েছে। তালিকায় রয়েছেন ইংলিশ মহিলা স্পোর্টস ব্রডকাস্টার আলিসন মিচেল।
মাইক হাতে রথি-মহারথি এবং ব্যাট-বল হাতে বিশ্বমানের খেলোয়াড়দের লড়াই আকর্ষণীয় হবে বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেনের কথায়, বিশ্বকাপকে ঘিরে গোটা ইংল্যান্ড ও ওয়েলস উত্তেজিত। এবারের ক্রিকেট বিশ্বকাপ সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে বলে আশা রাখেন ইংল্যান্ডের ক্রিকেট প্রেমীরাও।
নাসির হুসেন, সৌরভ গাঙ্গুলী, সঞ্জয় মঞ্জরেকর, হর্ষ ভোগলে, আথার আলি খান, রামিজ রাজা, ওয়াসিম আক্রম, কুমার সাঙ্গাকারা, মাইকেল ক্লার্ক, ব্রেন্ডন ম্যাকুলাম, শন পোলক, গ্রেম স্মিথ, ইশা গুহ, মিলেনি জোন্স, ইয়ান বিশপ, মিচেল অ্যাটার্থন, আলিসন মিচেল, মাইকেল স্ল্যাটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, পমি এম্বাঙ্গুয়া, সাইমন ডৌল, ইয়ান স্মিথ, ইয়ান ওয়ার্ড।