২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপ খেলেই কী ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। টুইটারে তাঁরই পোস্ট করা এক ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে এমনই জল্পনা।
নিজে শ্যুট করা ওই ভিডিওতে মাহি জানিয়েছেন তাঁর রিটায়ারমেন্ট প্ল্যানের কথা। বলেছেন, খেলা ছাড়ার পর তিনি শিল্পের জগতে মনোনিবেশ করতে চান। তিনি ছবি আঁকতে চান। সেই ছবির প্রদর্শনী করতে চেয়ে আর্ট কমিউনিটিগুলিকে তাঁকে সাহায্যের আবেদনও জানিয়েছেন ক্যাপ্টেন কুল।
ওই ভিডিওতে তাঁর আঁকা দুটি পোট্রেট এবং নিজের ছবি দর্শকদের সামনে তুলে দেখিয়েছেন ধোনি। ছবিগুলি অসাধারণ বলে দাবিও করেছেন ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। বলেছেন, ক্রিকেট খেলার অবসরে তিনি শিল্প এবং কলার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পছন্দ করেন। এতদিন এই সিক্রেট তিনি ফ্যানদের থেকে লুকিয়ে রেখেছিলেন বলেও জানিয়েছেন ধোনি।
Each and every Dhoni fans must Watch this stunning video #WhyDhoniWhy @msdhoni pic.twitter.com/OGUOgpnQHn
— Svasan (@ssvasan91) May 20, 2019
এর এখানেই তৈরি হয়েছে জল্পনা, তবে কী ২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপ খেলেই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মাহি। ক্রিকেট মহলে তেমন সম্ভাবনার কথা ঘুরে বেড়ালেও সে ব্যাপারে কেউ-ই নিশ্চিত হতে পারছেন না। ধোনি নিজেও বিষয়টি খোলসা করেননি। তবে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের টুইটারে আচমকা এমন ভিডিও পোস্টের পিছনে অশনি সঙ্কেতই দেখছেন তাঁর ফ্যানরা। অনেকে হতাশ হয়ে প্রশ্ন করেছেন, কেন এমন করছেন ধোনি।