
টি-টোয়েন্টিতে ৫০
নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে সে দেশের অধিনায়ক মহম্মদুল্লা রিয়াদের উইকেট নেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। একই সঙ্গে আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেটে ৫০ উইকেটের মালিকও হয়েছেন তিনি।

দ্রুততম চাহল
ভারতের হয়ে ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০ উইকেট পেলেন যুজবেন্দ্র চাহল। ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে দ্রুততম হিসেবে এই নজির গড়লেন। টপকে গেলেন সতীর্থ জসপ্রীত বুমরা ও রবীচন্দ্রন অশ্বিনকে।

বুমরা ও অশ্বিন
৪২টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের। ৪১টি ২০ ওভারের ম্যাচে একই মাইলস্টোনে পৌঁছে অশ্বিনকে টপকে যান জসপ্রীত বুমরা। নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে বুমরাকেও টপকে গেলেন চাহল।

বিশ্ব তালিকা
টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার বিশ্ব তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন আগানিস্তানের অধিনায়ক রশিদ খান ও দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তাঁরা ৩১ ম্যাচে এই মাইলস্টোনে পৌঁছন। ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০ উইকেট নেওয়া বাংলাদেশের মুস্তাফিজুর রহমান রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে।

৩২তম চাহল
বিশ্বের ৩২তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নিলেন ভারতের যুজবেন্দ্র চাহল। শ্রীলঙ্কার প্রাক্তন ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা সর্বাধিক (১০৬টি) টি-টোয়েন্টি উইকেট নেন।

ভারতীয়দের মধ্যে সেরা
টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন মহিলা ক্রিকেটার পুনম যাদব। ২০ ওভারের ক্রিকেটে ৮৩টি উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন ভারতের দুই মহিলা ক্রিকেটারই। ফাস্ট বোলার ঝুলন গোস্বামী টি-টোয়েন্টিতে ৫৬ ও একতা বিস্ট ৫৩ উইকেট নিয়েছেন। তালিকায় চতুর্থ ও স্থানে রয়েছেন যথাক্রমে রবীচন্দ্রন অশ্বিন (৫২) ও জসপ্রীত বুমরা (৫১)।


Click it and Unblock the Notifications




















