
করোনার ফলে দেশে ক্রিকেট থেকে ফুটবল টুর্নামেন্ট কোথায় দাঁড়িয়ে
অনির্দিষ্টকালের জন্য এখন আইপিএল স্থগিত হয়ে বসে রয়েছে। ফুটবলে আইলিগের স্থগিত ম্যাচ করোনার কারণে বাতিল করে লিগ শেষ করা হয়েছে।আইএসএলের ফাইনাল ফাঁকা মাঠে আয়োজন করে লিগ শেষ করা হয়েছিল। এভাবে ফুটবলে শেষ মরসুমে অতিক্রান্ত। সামনে এবার নতুন মরসুম। সেখানে আদৌ মাঠে কবে বল গড়াবে নিশ্চিত করে কর্তারা বলতে পারছেন না।

করোনার কারণে ইস্টবেঙ্গলের শতবর্ষ পালনের পরিকল্পনায় ধাক্কা
করোনার জেরে আগেই ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন পিছিয়ে গিয়েছে। লাল-হলুদের শতবর্ষকে কেন্দ্র করে ২০২০ সালে বছর ভর বিভন্ন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ২০২১ সালে গিয়ে এই অনুষ্ঠানগুলি শেষ হত। বিশ্বজুড়ে করোনা কারণে এখন ফুটবল শুরু করা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শতবর্ষের সব অনুষ্ঠানও আপাতত স্থগিত।

ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্বপ্নের ম্যাচ
ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে ভারতে প্রাক-মরশুম প্রদর্শনী ম্য়াচ খেলতে রাজি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কলকাতায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেড ডেভিলসদের সেই ম্যাচ খেলার কথা ছিল। জুলাই যুবভারতীতে সেই ম্যাচ হওয়ার পরিকল্পনা ছিল।যে ম্যাচ ঘিরে লাল-হলুদ সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।

ইউনাইটেড কর্তারা কলকাতা ঘুরে যান
প্রসঙ্গত ইস্টবেঙ্গলের আমন্ত্রনে নভেম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চার আধিকারিক কলকাতায় এসেছিলেন। নতুন মরসুম শুরুর আগে ম্যাঞ্চেস্টারের এশিয়া সফরে আসার কথা। তারই অঙ্গ হিসাবে র্যাশফোর্ডদের কলকাতায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার কথা ছিল। সেই নিয়ে নভেম্বরে রেড ডেভিলসদের ফুটবল ডিরেক্টর অ্যালান ডস ও অন্যান্য আধিকারিকরা কলকাতা সফরে এসে যুবভারতী,অনুশীলনের মাঠ, হোটেল রেকি করে দেখে যান।

ভেস্তে যাচ্ছে ঐতিহাসিক ম্যাচ
করোনার কারণে বিশ্বজুড়ে এখন লকডাউন পরিস্থিতি। কোনও দেশ থেকে অন্য দেশে যাওয়া অসম্ভব। বিশ্বজুড়ে ভাইরাস নির্মূল না হলে খেলার মাঠের দরজা খোলা নিয়ে সংশয় রয়েছে। অনেক দেশেই এখন ফাঁকা মাঠে লিগের অবিশষ্ট ম্যাচ করার পরিকল্পনা নিয়েছে। করোনার কারণে মার্চ থেকে ইপিএল বন্ধ রয়েছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে জুলাইয়ের ভারত সফর বাতিল করেছে ইউনাইটেড। ফলে ইস্টবেঙ্গল সমর্থকদের স্বপ্নের ম্যাচ দেখার আশা ভেস্তে যেতে চলেছে।

আশার আলো
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে অবশ্য সব দিক বিচার করে কলকাতায় এসে ম্যাচ খেলার বিষয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আশা প্রকাশ করেছে। সেক্ষেত্রে করোনার পরবর্তী সময়ে ফ্যানেরা ভবিষ্যতে এই ম্যাচ মাঠে ভরা গ্যালারিতে দেখার স্বপ্ন দেখতেই পারেন।


Click it and Unblock the Notifications



















