ফের এক শৃঙ্গ জয় করলেন সৌরভ চৌধুরী ও মানু ভাকের। এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ ২০১৯-এর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জিতলেন এই ভারতীয় টিনএজ শ্যুটার জুটি। শুধু তাই নয়, সোনা জয়ের পথে তাঁরা ভেঙে দিলেন কোয়ালিফিকেশন বিশ্বরেকর্ডও। একমাস আগেই নয়া দিল্লিতে শ্যুটিং বিশ্বকাপেও একই ইভেন্টে তাঁরা সোনা জেতেন।
এদিন তাইপেই-এর তাওয়ুয়ানে ১০ মি. এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের যোত্যতা অর্জন পর্বে ১৭ বছরের মানু এবং ১৬ বছরের সৌরভ মোট ৭৮৪ পয়েন্ট সংগ্রহ করেন। মাত্র পাঁচ দিন আগেই ইউরোপিয় চ্যাম্পিয়নশিপে এই বিষয়ে নতুন রেকর্ড গড়েছিলেন আর্টেম চের্নৌসোভ ও ভিতালিনা বাতসারাশ্কিনা-র রুশ জুটি। পাঁচদিন পরেই নয়া রেকর্ড হল এশিয় চ্যাম্পিয়নশিপে।
এই রেকর্ড অবশ্য তাঁদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারেনি। পাঁচ দলের চুড়ান্ত পর্বে ৪৮৪.৮ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন মানু-সৌরভ। কোরিয়ার হোয়াং সেওনগেওন ও কিম মোসে ৪৮১.১ পয়েন্ট করে পান রৌপ্যপদক। আর ব্রোঞ্জ জেতেন উ চিয়া ইং এবং কৌ কুয়ান তিং-এর তাইওয়ানিজ জুটি। তাদের পয়েন্ট ৪১৩.৩।
অপর ভারতীয় জুটি অনুরাধা ও অভিষেক ভার্মা-ও চুড়ান্ত পর্বে পৌঁছেছিলেন। কিন্তু, ৩৭২.১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে আটকে যান।