
স্পট ফিক্সিং কাণ্ড
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে খেলার সময় পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়ার বিরুদ্ধে স্পট ফিক্সিং-র অভিযোগ ওঠে। সেই সময় তাঁকে গ্রেফতারও করা হয়। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। এরপর ফের ক্রিকেট খেলতে শুরু করেন দানিশ। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিং কাণ্ডের মামলাও চলতে থাকে। ২০১৮ সালে নিজের অপরাধ কবুল করেন দানিশ। ফলে তাঁকে ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হয়।

দানিশের চেষ্টা
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নেন দানিশ কানেরিয়া এবং আশা করেন যে পাকিস্তান তথা বিশ্বের ক্রিকেট মহল থেকে কেউ না কেউ তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কিন্তু তা না হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান-কে লেখা চিঠিতে জানিয়েছেন দানিশ কানেরিয়া।

দানিশের আবেদন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা এক চিঠিতে সে দেশের প্রাক্তন লেগ স্পিনার জানিয়েছেন, তাঁর জীবন ভালো ভাবে কাটছে না। পাকিস্তান দলের অন্যান্য ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেটাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাঁর ক্ষেত্রে তা পুরোপুরি স্তব্ধ বলে জানিয়েছেন দানিশ। এও বলেছেন যে পাকিস্তানের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে পারাটা তাঁর কাছে সম্মানজনক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও সেদেশের প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট প্রশাসক অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছেন এই প্রাক্তন লেগ স্পিনার।
|
পাশে শোয়েব আখতার
পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়ার পাশে দাঁড়িয়েছেন সে দেশের প্রাক্তন লেজেন্ড শোয়েব আখতার। বলেছেন, সংখ্যালঘু বলে পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিংরুমে দানিশ কানেরিয়ার সঙ্গে অন্য কোনও ক্রিকেটার খেতে চাইতেন না। ভালো পারফরম্যান্স দেওয়া সত্ত্বেও দানিশ বরাবার অবহেলার স্বীকার হয়েছেন বলেও জানিয়েছেন শোয়েব। সেই সংখ্যালঘু ক্রিকেটারই ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা নেন বলে স্মরণ করিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

শোয়েবকে ধন্যবাদ
পাকিস্তানের প্রাক্তন পেস ব্যাটারি শোয়েব আখতারকে লেজেন্ড বলে সম্বোধন করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন দানিশ কানেরিয়া। দুঃসময়ে শোয়েব ছাড়াও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক, মহম্মদ ইউসুফ ও ইউনুস খান তাঁকে সাহায্য করেছেন বলে জানিয়েছেন কানেরিয়া।

দানিশের কেরিয়ার
পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে ২৬১ উইকেট নিয়েছেন দানিশ কানেরিয়া। ১৮টি ওয়ান ডে ম্যাচে ১৫টি উইকেট রয়েছে পাকিস্তানের এই প্রাক্তন লেগ স্পিনারের।


Click it and Unblock the Notifications



















