
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও পোস্ট করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যে ভিডিওতে স্ত্রী সাক্ষীর লেগপুল করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এক অনলাইন পেমেন্ট কার্ড সংস্থার বিজ্ঞাপনের শ্যুটিং ভিডিও পুরনো একটি অংশ ইনস্টাগ্রামে পোস্ট করেন মাহি। সেই ভিডিওতে সাক্ষীর বিজ্ঞাপনের লাইন বলার সময় হোঁচট খাওয়া নিয়ে মজা করেছেন মাহি।
ভিডিওতে দেখা গিয়েছে, কার্ড পেমেন্ট সংস্থার বিজ্ঞাপনে ধোনি-সাক্ষী এক ফ্রেমে রয়েছেন। পেট্রোল পাম্পে তেল কেনার পর কার্ডে পেমেন্ট অনেক সুবিধেজনক, এটাই ছিল সংস্থার বিজ্ঞাপনের মূল ডায়লগ। সেই ডায়লগ বলতে গিয়েই বারেবারে হোঁচট খান সাক্ষী। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি ধোনি।
ভিডিওতে দেখা গিয়েছে ধোনি বলেন, 'এভাবে হচ্ছে না। ক্যামেরার দিকে তাকিয়ে ডায়লগ বলতে হয়।' এরপরই সাক্ষীকে উদ্দেশ করে মাহি আরও বলেছেন,'তুমি ডায়লগ দেখে পড়তে পারছ না, না দেখে তো আরও বলতে পারবে না!'
ধোনি এই ভিডিও পোস্ট করে স্ত্রীয়ের সঙ্গে শ্যুটিংয়ের সময় মজার খুনসুটির কথা উল্লেখ করেছেন। যা দেখে সোশ্যাল মিডিয়ার মাহি ফ্যানেরা ধোনি-সাক্ষীর বন্ধুত্বের এই কেমিস্ট্রি নিয়ে জোর চর্চা শুরু করেছে।