ভারত যখন আইপিএল নিয়ে মত্ত তখন বিশ্বকাপের ঠিক আগ দিয়েই ফের চেনা ছন্দে অস্ট্রেলিয়া। ফর্মে ফিরেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও। সেই ভারত সফর থেকে শুরু হয়েছে অজিদের দৌড়। রবিবার আরব আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্য়াচেও কেরিয়ারের সর্বোচ্চ ওডিআই স্কোর (১৫৫*) করে দলকে জেতালেন ফিঞ্চ।
পাকিস্তানের ২৮৫ রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অধিনায়কের ব্য়াটিং প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল অস্ট্রেলিয়া। ফিঞ্চ মোট ১১টি চার ৬টি মারেন। খোয়াজা (৮৮)-র সঙ্গে ওপেনিং জুটিতে ২০৯ রান যোগ করেন ফিঞ্চ। ম্য়াক্সওয়েল ১৯-এর বেশি করতে না পারলেও জয়ের ঠিকানা ওপেনিং জুটিতেই লেখা হয়ে গিয়েছিল।
প্রথম ইনিংসে পাক দলের হয়ে তাঁর প্রথম ওডিআই শতরান করে যান মহম্মদ রিজওয়ান। এই জয়ের ফলে সিরিজে অস্ট্র্রেলিয়া ২-০ ফলে এগিয়ে গেল। প্রথম ম্যাচেও শতরান করে জিতিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। এর আগে গত একবছরে ক্রমে অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স নিম্নগামী হচ্ছিল। ফলে প্রথমদিকে তাদের ধর্তব্যের মধ্যেই ধরা হচ্ছিল না। বিশ্বকাপের ঠিক আগে প্রথমে ভারত, তারপর পাকিস্তানের বিরুদ্ধে জিতে অস্ট্রেলিয়া কিন্তু বড় বিবৃতি দিয়ে রাখল।