গুরুতর দুর্ঘটনার কবলে পড়লেন প্রাক্তন অস্ট্রেলিয় ওপেনার ম্যাথু হেডেন। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি। কুইন্সল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানে সমুদ্রে সার্ফিং করতে গিয়ে পড়ে গিয়ে তাঁর মাথা ও ঘাড়ে তীব্র আঘাত লাগে। সেই সঙ্গে মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে।
জানা গিয়েছে উত্তর স্ট্রাডব্রোক দ্বীপে তাঁর ছেলের সঙ্গে সার্ফিং করছিলেন ৪৬ বছরের হেডেন। হঠাতই সমুদ্রের ঢেউ তাঁকে আছড়ে ফেলে সৈকতে। তাতেই তাঁর ঘাড়ের সঙ্গে মেরুদণ্ডের সংযোগস্থলের হাড় ভেঙে যায়। ছিঁড়ে গিয়েছে ওই অংশের বেশ কিছু লিগামেন্টও। কপালেও গুরুতর আঘাত পান গত বছরই অস্ট্রেলিয়া ক্রিকেটে হল অব ফেমে জায়গা পাওয়া ক্রিকেটার।
হাসপাতালের বিছানায় শজ্জাশায়ী অবস্থায় একটি ছবি তুলে তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে দেখে চেনার উপায় নেই। তিনি জানিয়েছেন, 'বলা যেতে পারে, আমি একটি গুলি এড়ালাম'। স্থানীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে হেডেন জানিয়েছেন, তাঁর আঘাত আরও গুরুতর হতে পারত। বরাত জোরে বেঁচে গিয়েছেন।
View this post on InstagramA post shared by Matthew Hayden (@haydos359) on
তিনি জানিয়েছেন, তিনি আর তাঁর পুত্র প্রায় এক ঘন্টার উপর সার্ফিং করছিলেন। যে টেউটি তাঁকে আছড়ে ফেলে সেটি তিনি নিচু হয়ে বসে এড়াতে গিয়েছিলেন। কিন্তু সেটি তাঁকে বর্শার মতো আছড়ে ফেলে সৈকতে। তাঁর মাথা ছিল নিচের দিকে। এরপর তাঁর দেহের ভারেই ঘাড় মটকে যায়। এমনকী ঘাড়ের নিচের হাড় ভাঙার শব্দও তিনি শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।