পাশাপাশি দুই সময়ের ছবি। একই ফ্রেমে বিধ্বংসী ক্রিস গেইল ও ইংল্যান্ডের নবাগত অল রাউন্ডার সাম কুরান।
প্রথম ছবিতে জামাইকান টর্নেডোর পাশে দাঁড়িয়ে থাকা কুরান, ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা নেহাতই এক স্কুল ছাত্র। দ্বিতীয় ছবিতে সেই গেইলের পাশেই দাঁড়িয়ে থাকা বছর কুড়ির ইংল্যান্ড ক্রিকেটার, এখন কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম অস্ত্র। আইপিএলে জামাইকান তারকার ড্রেসিং রুমের সঙ্গীও।
সাম কুরানের সঙ্গে তাঁর দুই সময়ের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ক্রিস গেইল। লিখেছেন, এমন ছবি যেকোনো তরুণ তারকার কাছে বিশেষ অনুভূতির বিষয় হওয়া উচিত। তুমি কোথায় ছিলে, এখন কোথায় পৌঁছেছো, এই ছবি তারও বার্তা বহন করে বলেও ইনস্টাগ্রামে লিখেছেন গেইল। এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জামাইকান তারকার সকৌতুক উক্তি, ছবিতে তাঁর থেকেও তরুণ লাগছে কুরানকে। ছবি দুটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on InstagramA post shared by KingGayle 👑 (@chrisgayle333) on
ইনস্টাগ্রামে এই পোস্টের জন্য ক্রিস গেইলকে ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ড অল রাউন্ডার। গেইলকে লেজেন্ড সম্বোধন করে, এই আইপিএলে ওয়েস্ট ইন্ডিয়ান তারকার কাছ থেকে কিছু শেখার ইচ্ছা প্রকাশ করেছেন সাম কুরান।
আইপিএলে এবছরই পা দেওয়া কুরানকে ৭.২ কোটি টাকায় কিনেছে প্রীতি জিন্টার কিংস ইলেভেন। খ্যাতির প্রতি সুবিচার করে দিল্লির বিরুদ্ধে ক্রিস গেইলের পরিবর্তে খেলতে নেমেই হ্যাটট্রিক করে তাক লাগিয়েছেন ইংল্যান্ডের তরুন। আইপিএল জুড়েই এই পারফর্ম্যান্স ধরে রাখতে চান সাম কুরান।