বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টটা দুর্দান্ত গিয়েছে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের। প্রথম ইনিংসে ২৫৭ বলে ২০০ রান করেছেন তিনি। সেই সঙ্গে ল্যাথাম ও রাভালের আরও দুই শতরানে ৭১৫ রানের পাহাড় গড়ে ছিল কিউইরা। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ে তুললেও সব মিলিয়ে ১ ইনিংস ও ৫২ রানে পরাজিত হয়।
অবশ্যই ম্যাচের সেরা হন কিউই অধিনায়কই। তবে এই ইনিংসের দৌলতে তিনি আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব্য়াটসম্যানদের ক্রমতালিকায় কেরিয়ারের সেরা পয়েন্টে পৌঁছেছেন। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৯১৫। অল্পের জন্য এখনও এই তালিকায় এক নম্বর স্থানটি ধরে রেখেছেন বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৯২২।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শুরুর আগে কেইন উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ছিল ৮৯৭। প্রথম ম্যাচেই তিনি ১৮ পয়েন্ট সংগ্রহ করেছেন। কোহলির থেকে ব্যবধান এখন মাত্র ৭ পয়েন্টের। তাই সিরিজের বাকি দুই ম্য়াচে কেইনের এই ফর্ম চললে সিংহাসন হারাতে হবে বিরাটকে।
শুধু তাই নয়, কিউই ক্রিকেটার হিসেবে কেইনের এই রেটিং পয়েন্টই সর্বোচ্চ। তিনি ছাড়া টেস্চে ৯০০ পয়েন্টের গণ্ডি একমাত্র অতিক্রম করেছিলেন কিংবদন্তি কিউই অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি। বোলারদের তালিকায় তিনি ৯০৯ পয়েন্ট সংগ্রহ করেছিলেন।