
ধোনির অবসর নিয়ে গুঞ্জন
ধোনির অবসর নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে এখন নানা গুঞ্জন চলছে। কোচ শাস্ত্রী যেমন ধোনির আইপিএল ফর্মের দিকে দল তাকিয়ে বলে মন্তব্য করেছেন, পাল্টা প্রাক্তন নির্বাচক এম এস কে প্রসাদ আবার ধোনির উত্তরসূরি হিসেবে পন্থ বিশ্বকাপ খেলতে চলেছেন বলে, দল নির্বাচনে ইঙ্গিত দিয়েছেন। ধোনি নিজে আবার তাঁর অবসর গুঞ্জন উসকে দিয়ে জানুয়ারির আগে এই প্রসঙ্গে প্রশ্ন করতে মানা করেছেন। যার ফলে মাহির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

ক্যারিবিয়ান ক্রিকেটারের মন্তব্য
এর মাঝেই এবার ধোনি বিশ্বকাপ খেলবেন বলে দাবি করে বসলেন ব্র্যাভো। এই মুহূর্তে ব্র্যাভোর দেশ ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে এসেছে। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এবার ৩ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ক্যারিবিয়ান দল। রবিবার সেই ওডিআই সিরিজের ঢাকে কাঠি পড়ার আগে ব্র্যাভো বলেন, 'ধোনি তো অবসর নিয়ে নিয়েছে বলেনি। সেক্ষেত্রে বিশ্বকাপে মাহি নিশ্চয় দলে ফিরবে।'

ব্র্যাভো আরও বলেন
ধোনিকে নিয়ে ব্র্যাভো আরও বলেন, 'ধোনি কোনও দিনই অন্যের কথায় প্রভাবিত হয় না। এতদিন ওর সঙ্গে খেলেছি। দলের অন্য ক্রিকেটারদেরও ধোনি, কোনও কিছুতে প্রভাবিত না হয়ে নিজের যোগ্যতার উপর আস্থা রাখতে শিখিয়েছে। ওর অবসর নিয়ে এত আলোচনার মাঝে ধোনি নিজেও প্রভাবিত হবে না। টি-টোয়েন্ট বিশ্বকাপ দিয়েই হয়ত মাহি দেশের হয়ে প্রত্যাবর্তন করবে।

অবসর ভেঙে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে রাজি ব্র্যাভো
একবছর আগে দেশের হয়ে অবসর নিয়ে নিলেও ব্র্যাভো সম্প্রতি বলেছেন, 'বোর্ড ও দল চাইলে তিনি অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে নিজের সার্ভিস দিতে তৈরি '। সঙ্গে জুড়েছেন, 'মাঠের বাইরের রাজনীতির জন্যেই দেশের হয়ে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন পরিস্থিতি পাল্টেছে। মাঠ ও মাঠের বাইরের লিডারশিপে বড় পরিবর্তন হয়েছে। দলে ফিরতে আমি তৈরি।'


Click it and Unblock the Notifications




















