ঘরের মাঠে টসে হেরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বড় স্কোর করতে পারলেন না রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তুলল রয়্যালসরা। শেষ ওভারে শার্দুল ঠাকুরের বলে উঠল ১৮ রান। নাহলে দেড়শো রানের গণ্ডীও টপকানো যেত না।
এদিন শুরুটা খারাপ করেননি অজিঙ্ক রাহানে ও জস বাটলার। বাটলার ১০ বলে ২৩ করেন ও রাহানে ১১ বলে ১৪ রানে ফিরে গেলে পরপর উইকেট খোয়াতে থাকে রাজস্থান। ফলে বড় পার্টনারশিপ তৈরি হয়নি।
মিডল অর্ডারে স্টিভ স্মিথ ১৫, রাহুল ত্রিপাঠী ১০, বেন স্টোকস ২৮ ও রিয়ান পরাগ ১৬ রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে জোফ্রা আর্চার ১৩ ও শ্রেয়স গোপাল ১৯ রান করে দলকে দেড়শো রানের গণ্ডী টপকাতে সাহায্য করেন।
চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা ২০ রানে ২ উইকেট নেন। এছাড়া শার্দুল ঠাকুর ২ উইকেট পেলেও ৪ ওভারে ৪৪ রান দেন। দীপক চাহার ৩৩ রানে ২ উইকেট ও মিচেল স্যান্টনার ২৫ রানে ১ উইকেট নেন।