বালিশ নেই। অগত্যা ব্যাকপ্যাক। যার একদিকে মাথা রেখে শুয়ে আছেন মহেন্দ্র সিং ধোনি, অন্যদিকে শুয়ে তাঁরই অর্ধাঙ্গিনী সাক্ষী। দুজনেই গভীর ঘুমে অচেতন।
ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংস অধিনায়কের নিজেরই পোস্ট করা এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবির নিচে লেখা ধোনির সকৌতুক উক্তি, 'আইপিএলের সময়ের সঙ্গে তালমিলিয়ে, সকালের উড়ান ধরতে গেলে যা পরিস্থিতি হয়' ভক্তদের বাহবা কুড়িয়েছে।
View this post on InstagramAfter getting used to IPL timing this is what happens if u have a morning flight
A post shared by M S Dhoni (@mahi7781) on
উল্লেখ্য, চেন্নাইয়ের বোলারদের স্লো ওভার রেটের জন্য, মঙ্গলবার চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদের আইপিএলের ম্যাচ দেরিতে শেষ হয়। টুর্নামেন্টে টপ ফর্মে থাকা কেকেআরকে হারানোর উৎসবও ড্রেসিংরুমে চলে বেশ কিছুক্ষণ। ফলে সেদিন মেন ইন ইয়ালো ও তাঁদের পরিবারের সদস্যদের রাতে ঘুমোতেও বেশ কিছুটা দেরি হয় বইকি। এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে, পরের দিন অর্থাৎ বুধবার সকালে চেন্নাই থেকে জয়পুরগামী ফ্লাইট ধরা কী কম ঝক্কি!
ধকল আর সইল না। চেন্নাই বিমানবন্দরের ফ্লোরেই, ব্যাকপ্যাকে মাথা রেখে সটান দিবানিদ্রায় গেলেন, ক্লান্ত মিস্টার অ্যান্ড মিসেস ধোনি। দলেরই কোনো সতীর্থ, মসকরার বশে সেই ছবি তুলে, চেন্নাই সুপার কিংসের অধিনায়কের হাতে তুলে দেন বলে জানা যায়।