
রাহুলের ব্যাটে রাহুর দশা
রাহুলের খারাপ ফর্ম কিন্তু সাম্প্রতিক কোনও ঘটনা নয়। এই রান না পাওয়া শুরু হয়েছিল সেই ২০১৭ সালের নভেম্বরে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট থেকে। সেই থেকে আজ পর্যন্ত তিনি ২৩টি ইনিংস খেলেছেন, যার মধ্য়ে ১৯টি ক্ষেত্রে ওপেন করেছেন। তার মধ্যে ১১ টি ইনিংসে ২ অঙ্কের ঘরে রান পাননি। ওভালের শতরান ছাড়া একটিই মাত্র ৫০ রানের উপরে ইনিংস খেলছেন। তাও আফগানিস্তানের বিরুদ্ধে। এই সময়ে তিনি মাত্র ২১.৫৯ গড়ে ৪৭৫ রান করেছেন।

ওপেনারের কাজেও ব্যর্থ
টেস্টে ওপেনারদের কিন্তু ইনিংস গঠনে বড় ভূমিকা থাকে। রান করা তো আছেই, তার সঙ্গে বেশ কিছুক্ষণ ব্য়াট করে নতুন বলের পালিশটা তুলে পরবর্তী ব্য়াটসম্য়ানদের জন্য় মঞ্চ তৈরির দায়িত্বও ওপেনারদের পালন করে হয়। উপরের পরিসংখ্যান থেকে শতরান ও অর্ধশতরানের ইনিংস দুটি বাদ দিলে রাহুলের রান দাঁড়ায় ২১ ইনিংসে ২৭২! পাশাপাশি এই সময়ে গড়ে তিনি ক্রিজে টিকেছেন ৫৫ মিনিট করে।

জঘন্য আউটের ধরণ
তবে সবচেয়ে ভয় ধরানো রাহুলের আউটের ধরণ। ২৩টি ইনিংসে একবারই অপরাজিত ছিলেন রাহুল। বাকি ২২ বারের মধ্য়ে ১০ বারই বোল্ড হয়েছেন রাহুল। এলবিডব্লু হয়েছেন ৪ বার। আর বাকিগুলি ছিল ক্যাচ-আউট। শেষ ১৩ ইনিংসে ১১ বার তিনি বোল্ড বা এলবিডব্লু হয়েছেন। ফলে একজন ওপেনার হিসেবে তাঁর টেকনিক নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।

ফাস্ট বোলার ও টেকনিক
গত ২৩ ইনিংসের মধ্যে ১৮ বারই রাহুল আউট হয়েছেন জোরে বোলারের হাতে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাটিতে ভিতরে ঢুকে আসা বলে তাঁর অসুবিধা স্পষ্ট হয়ে গিয়েছে। সমস্যা হল রাহুল এই বিপদ এড়াতে চাইছেন শট খেলে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাটিতে যে বাইরের বল ছেড়েও খেলা যায় তা তাঁর মাতা থেকেই যেন বেরিয়ে গিয়েছে। কিন্তু রাহুল কিন্তু একজন দক্ষ ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতেই জীবনের দ্বিতীয় টেস্টেই তিনি শতরান করেছিলেন। রাহুলের খারাপ ফর্মের দায়িত্ব তাহলে কার?

টিম ম্য়ানেজমেন্ট
টিম ম্য়ানেজমেন্ট কিন্তু তাঁকে যতেষ্ট সুযোগ দিয়েছে। বলা যায় তাঁর ক্ষেত্রে একটু বেশিই ধৈর্য দেখিয়েছে। তারা রাহুলের জন্য একটা লম্বা সুযোগের দড়ি বিছিয়ে রেখেছিল। সম্ভবত তাঁর স্কিলের কথা মাথায় রেখেই। সেই দড়ির কিন্তু প্রান্তে পৌঁছে গিয়েছেন রাহুল।

সঞ্জয় বাঙ্গার
সিরিজ শুরুর আগে সঞ্জয় বাঙ্গার বলেছিলেন রাহুল আউট হওয়ার নিত্যনতুন উপায় আবিষ্কার করছেন। প্রশ্নটা হল ব্যাটিং কোচ হিসাবে বাঙ্গারই বা কি করছেন? রাহুলের মতো দক্ষ খেলোয়াড় যখন ফর্ম হারিয়ে আত্মবিশ্বাসের তলানিতে পৌঁছে গিয়েছেন, তখন ব্য়াটিং কোচেরই তো দায়িত্ব তাঁকে পথ দেখানো। একজন ভাল খেলোয়াড় তো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যেতে পারেন না।

তাহলে উপায়?
রাহুলকে ফর্মে ফেরানোর সেরা উপায়টি বাতলে দিয়েছেন কিংবদন্তি সুনিল গাভাস্কার। রাহুলকে এখনকার মতো রঞ্জী খেলতে ফিরে যেতে বলেছেন ভারতের এই প্রাক্তন ওপেনার। তাঁর মতে ক্রিকেটের আরেক পুরনো থিওরি, রান পেলে আত্মবিশ্বাসও পাবে - এতেই আগের ফর্মে ফিরতে পারেন রাহুল।


Click it and Unblock the Notifications



















