
ধোনির ক্রিকেট ভবিষ্যৎ
ক্রিকেট থেকে ধোনির অবসর নিয়ে নেওয়া নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। বাইশ গজ থেকে বেশ কিছুদিন দূরে রয়েছেন মাহি। শেষবার ইংল্য়ান্ডের মাটিতে বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। এরপর আর দেশের জার্সিতে ক্রিকেটে ফেরেননি। অগাস্টের বেশ কিছুদিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর, ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েন। গল্ফ ও টেনিস খেলতে দেখা গেলেও ব্যাট হাতে তাঁকে ক্রিজে নামতে দেখা যায়নি। এবার অবশ্য ধোনি মাঠে ফিরছেন বলে খবর।

ধোনির মাঠে ফেরা
মাহির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটমহলে যখন জল্পনা তুঙ্গে তখন মাহিকে ঝাড়়খণ্ড ক্রিকেট দলের হয়ে প্রস্তুতিতে দেখা যাবে বলে জানা গিয়েছে। শোনা গিয়েছে শীঘ্রই ঝাড়খণ্ডের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে প্রস্তুতি সারবেন ধোনি। ঝাড়খণ্ড দলের সঙ্গে মাহির প্রস্তুতি সারার খবর প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ম্যাচ খেলতে পারেন ধোনি।

সূত্রের খবর
ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত এক কর্তা জানিয়েছেন, 'ফিটনেস ধরে রাখতে ইতিমধ্যেই ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে এসে মাহিকে ব্যাডমিন্টন,টেনিস, স্নুকার খেলতে দেখা গিয়েছে। সবটাই আসলে ধোনির মাঠে ফেরার প্রস্তুতি।' সঙ্গে ঐ কর্তা জুড়েছেন 'ধোনি ঝাড়খণ্ড দলের সাপোর্ট স্টাফদের সঙ্গেও কথা বলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হচ্ছে। সেই টুর্নামেন্টের জন্য রাজ্যের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে প্রস্তুতি সারবেন ধোনি। '


Click it and Unblock the Notifications


















