বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক কর্মসূচী হিসেবে অস্ট্রেলিয়া ৫ম্যাচের ওডিআই সিরিজ খেলবে পাকিস্তানের সঙ্গে। কিন্তু সেই সিরিজেও নির্বাসিত দুই ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে অজি স্কোয়াডে রাখা হল না। তবে এই দুই ক্রিকেটার আসন্ন আইপিএল-এ খেলবেন বলেই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত বছর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হল বিকৃতির অপরাধে অজি বোর্ড তখনকার অধিনায়ক ও সহঅধিনায়ক স্মিথ ও ওয়ার্নারকে ১ বছরের জন্য নির্বাসিত করেছিল। আগামী ২৮ মার্চ তারিখে সেই নির্বাসনের সময়সীমা শেষ হচ্ছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ দুটি ম্যাচে খেলতে তাঁদের বাধা ছিল না।
কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, নির্বাসনের পাশাপাশি স্মিথ ওয়ার্নার দুজনেই রিহ্যাবিলিটেশনের মধ্য দিয়ে যাচ্ছেন। কোচ, নির্বাচক ও সব পক্ষ আলোচনা করে ঠিক করেছে, এই দুইজনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। তার থেকে আইপিএল মতো উচ্চ মানের ঘরোয়া প্রতিযোগিতা খেলেই তাঁরা ক্রিকেটে ফিরুন, এমনটাই চাইছে অস্ট্রেলিয়া।
BREAKING: Smith, Warner and Starc won't feature in the #PAKvAUS series later this month | @samuelfez https://t.co/UCXwMgLjhF
— cricket.com.au (@cricketcomau) March 8, 2019
জানানো হয়েছে এই দুইজনের অগ্রগতি সম্পর্কে তথ্য রাখার জন্য তাঁদের দুই আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে অজি বোর্ড।
পাকিস্তান সিরিজে দলে রাখা হয়নি আহত জোরে বোলার মিচেল স্টার্ক-কেও। ফলে ভারতের বিরুদ্ধে যে দলটি বর্তমানে ওডিআই সিরিজ খেলছে, সেই দলই আরব আমিরশাহিতে পাকিস্তানের মোকাবিলা করবে।