আইপিএল ২০১৯-এর আর বেশিদিন বাকি নেই। অনেক দলই ইতিমধ্যেই তাদের ভারতীয় খেলোয়াড়দের নিয়ে শিবির শুরু করে দিয়েছে। ছয় মারার জন্য যুবরাজ সিং প্রসিদ্ধ হলেও, হেলিকপ্টার শট তাঁকে কখনও মারতে দেখা যায়নি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের নেটে, ইদানিং যুবরাজকে, ধোনির হাতে জন্মানো এই শটই অনুশীলন করতে দেখা যাচ্ছে।
হেলিকপ্টার শট ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের ব্যাকরণ অনুযায়ী উপরের হাতের জোরেই বল মারা উচিত। কিন্তু এই শটের ক্ষেত্রে জোরটা থাকে মূলত নিচের হাতের। ধোনির পর এই ব্যাকরণ-ভাঙা শট আরও অনেকেই খেলেছেন।
বরাবর যুবরাজ কপিবুক ক্রিকেটিয় শটের উপরই ভরসা রেখেছেন। কিন্তু কেরিয়ারের একেবারে প্রান্তে আসার পর যুবিকে এখন অনেক নতুন শট খেলতে দেখা যাচ্ছে। আইপিএল-কে মাথায় রেখে নিজের তুনে অনেক নতুন অস্ত্র জমা করছেন। হেলিকপ্টার শটের আগে তাঁকে রিভার্স সুইপে ছয় মারতে দেখা গিয়েছিল।
একসময় আইপিএল নিলামে তাঁর রেকর্ড দর উঠত। অথচ এইবার প্রথমে অবিক্রিত থাকার পর, একেবারে শেষ বেলায় তাঁকে ১ কোটি টাকার বেস প্রাইস দিয়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। অনেকের মতে যুবরাজের মান বাঁচাতে মুম্বই তাঁকে দলে নিয়েছে। শেষ একবার সমালোচকদের জবাব দিতেই বোধহয় নিজেকে নতুন করে আবিষ্কারর নেশায় মেতেছেন যুবি।